রায়পুরা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ছাদেকের মৃত্যু

নরসিংদী রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাদেক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

জানা গেছে, ক্যানসার ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন চেয়ারম্যান ছাদেক।

তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন উপজেলা ইউপি চেয়ারম্যান ফোরামের সভাপতি ও অলিপুরা  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলামিন ভূঁইয়া মাসুদ।

১৯৭১ এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাদেক রায়পুরা উপজেলা পরিষদের (বর্তমান) চেয়ারম্যান ছিলেন।

এর আগে তিনি উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদ থেকে চারবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

মৃত্যুকালে স্ত্রী এক ছেলে ও দুই মেয়েসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন তিনি।

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাদেকের মৃত্যুতে রায়পুরার সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি, রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেন, পৌর মেয়র মো. জামাল মোল্লা, রায়পুরা উপজেলা আওয়ামী লীগ, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবসহ সকল রাজনৈতিক দলের নেতা–কর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।