আইপিএল নিলামের সংক্ষিপ্ত তালিকায় বাংলাদেশের ৪

এ মাসেই অনুষ্ঠিত হবে আইপিএলের আগামী আসরের নিলাম। তার আগে নিলামের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। বাংলাদেশ থেকে এবার চার ক্রিকেটার জায়গা পেয়েছেন সংক্ষিপ্ত তালিকায়।

সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ ও আফিফ হোসেন- এই চার ক্রিকেটার জায়গা পেয়েছেন আইপিএল নিলামের সংক্ষিপ্ত তালিকায়। নাম দিয়েছিলেন শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ। চূড়ান্ত তালিকায় তাদের জায়গা হয়নি।

সাকিব আছেন দেড় কোটি রুপির ক্যাটাগরিতে। গত আইপিএলে দুই কোটি রুপির ক্যাটাগরিতে থেকে দল পাননি। এবার তিনি ভিত্তিমূল্য কমিয়েছেন ৫০ লাখ রুপি। লিটন, তাসকিন ও আফিফ আছে ৫০ লাখ রুপির ক্যাটাগরিতে।

চারজনের মধ্যে কেবল সাকিবেরই আছে আইপিএল খেলার অভিজ্ঞতা। লম্বা সময় ধরে তিনিই ছিলেন ভারতের এই ফ্র্যাঞ্চাইজি আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি। পরে মোস্তাফিজুর রহমান নিয়মিত হন। বাঁহাতি এই পেসারকে এবারও ধরে রেখেছে তার দল রাজস্থান রয়্যালস।

চূড়ান্ত তালিকায় জায়গা পাওয়া ৪০৫ ক্রিকেটারের মধ্যে ভারতীয় ২৭৩ জন, বিদেশি ১৩২ জন। তবে দল পাবেন না তাদের মধ্যে বেশির ভাগই। কারণ গত আসরের আগে ‘মেগা’ নিলামের পর আইপিএলের এবার ‘মিনি’ নিলাম। সব দল মিলিয়ে সর্বোচ্চ ৮৭ জন ক্রিকেটারের জায়গা ফাঁকা আছে, তার মধ্যে বিদেশি সর্বোচ্চ ৩০ জন।

আগামী ২৩ ডিসেম্বর কোচিতে অনুষ্ঠিত হবে আইপিএল নিলাম।