আরও শক্তিশালী জাতীয় পার্টি চান প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এবং জাপা চেয়ারম্যান জিএম কাদের। গতকাল মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তাদের মধ্যে বৈঠক হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে তারা প্রায় পৌনে এক ঘণ্টার মতো বৈঠক করেন। বৈঠকে প্রধানমন্ত্রী জাতীয় পার্টিকে আরও শক্তিশালী হতে পরামর্শ দেন। এ সময় তাদের সঙ্গে জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে ও দলের সংসসদস্য রাহগির আল মাহি সাদ এরশাদও ছিলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং ও জাপা নেতারা সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন। জাপার এক নেতা দেশ রূপান্তরকে জানান, রওশন এরশাদ দেশে ফেরার পর এই প্রথম প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন। এটা ছিল সৌজন্য সাক্ষাৎ। আলোচনা ছিল সৌজন্য বিনিময়। স্বাভাবিক কথাবার্তা হয়েছে। আলোচনার সময় প্রধানমন্ত্রী জাপাকে শক্তিশালী দেখতে চান বলেও জানান এই নেতা।

সাক্ষাতের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে জানানো হয়েছে, গতকাল দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় পার্টির নেতারা এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় জাতীয় পার্টির পক্ষে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি, বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি এবং সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ উপস্থিত ছিলেন। বৈঠককালে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতার শারীরিক খোঁজখবর নেন এবং কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রী সংসদীয় গণতন্ত্রে গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য জাতীয় পার্টিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ ছাড়া প্রধানমন্ত্রী পৃথিবীর যেকোনো দেশে গণতন্ত্র ও সাংবিধানিক সরকার ব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে বিরোধী দলগুলোর দায়িত্বশীল ভূমিকার বিষয়ে আলোচনা করেন।

প্রেস উইং আরও জানায়, জাতীয় পার্টির নেতারা এ সময় বলেন, স্বাধীন বাংলাদেশে আজ মহান মুক্তিযুদ্ধের চেতনার আলোকে অনেক ঘাত-প্রতিঘাতের পর একটি স্থিতিশীল গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর রয়েছে। যার সুফল বাংলাদেশের জনগণ ভোগ করছে এবং দেশের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন সাধিত হচ্ছে। জাতীয় পার্টি তার রাজনৈতিক অবস্থান থেকে দেশে গণতন্ত্র ও সাংবিধানিক সরকারব্যবস্থা বজায় রাখতে বদ্ধপরিকর এবং জাতীয় পার্টি এ লক্ষ্যে প্রধান বিরোধী দল হিসেবে সংসদ ও সংসদের বাইরে গঠনমূলক এবং কার্যকর ভূমিকা পালন করে যাবে।