কুষ্টিয়ার ভেড়ামারায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন এক নারী। তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেছে ফায়ার সার্ভিস।
বুধবার সকাল ৯টার দিকে উপজেলার বাহিরচর ইউনিয়নের রাইটা-ভেড়ামারা সড়কের মাঝামাঝি বাঁকাপুল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ গ্রামের মৃত লাল বাবুর ছেলে খন্দকার রুহুল আমিন (৬০) এবং একই এলাকার তুষ্ট খাঁর ছেলে মজনু আলী (৫৫)।
এ ঘটনায় মৃত মজনুর স্ত্রী হাবিবা খাতুন (৪৫) গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টার দিকে ভেড়ামারা থেকে রায়টাগামী একটি কাভার্ডভ্যান বাঁকাপুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভেড়ামারাগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি যাত্রী মজনু ও রুহুল আমিন নিহত হন এবং মজনুর স্ত্রী হাবিবা খাতুন গুরুতর আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ শরিফুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মজনু ও রুহুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হাবিবাকে হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পরে কাভার্ডভ্যান ও সিএনজির চালক-হেলপারদের খুঁজে পাওয়া যায়নি বলে জানান ওসি।
বিষয়টি নিশ্চিত করে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, কাভার্ড ভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজির দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত এক নারী ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।