ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেন থেকে সাড়ে ৬ কেজি সোনাসহ আটজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। উদ্ধার হওয়া সোনার মূল্য সাড়ে ৪ কোটি টাকা। গতকাল বুধবার ভোরে তাদের আটক করা হয়।
এদিকে যশোরের চৌগাছা সীমান্ত থেকে দুই কেজি সোনা জব্দ ও একজনকে আটক করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক মো. শাকিল খন্দকার ও আহমেদুর রেজা চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ (গতকাল) সকাল সাড়ে ৬টায় ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেন থেকে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ৬ কেজি ৫৪৭ গ্রাম সোনা জব্দ করা হয়। এ সময় সোহেল রানা, বিল্লাল বেপারি, তাজবির আহমেদ, নাজমুল হাসান নীরব, শাহে আলম, মো. নাদিম, সুলতান চৌধুরী ও মো. সুমনকে আটক করা হয়। সোনাগুলো পাচারের চেষ্টা করা হয়। তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
আমাদের যশোর প্রতিনিধি জানান, চৌগাছা উপজেলার ভারত সীমান্তবর্তী তিলকপুরে ১৮টি সোনার বারসহ এক মোটরসাইকেল আরোহীকে আটক করেছে বিজিবি। গতকাল বিকেলে তাকে আটক করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, আটক সোনার ওজন দুই কেজি। বাজারমূল্য কমপক্ষে দুই কোটি টাকা।
আটক ব্যক্তির নাম নাজমুল হোসেন (২২)। নাজমুল উপজেলার জগদীশপুর ইউনিয়নের ঝিনাইকুন্ডু গ্রামের শরিফুল আলম বাবুর ছেলে।
বিজিবি ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিক জানিয়েছেন, নাজমুল চৌগাছা থেকে তিলকপুর সীমান্তের দিকে যাচ্ছিলেন। বিজিবি সদস্যরা তাকে থামার সংকেত দিলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। পরে তাকে তল্লাশি করে সোনার বারগুলো উদ্ধার করা হয়।