ঘন কুয়াশায় পদ্মা সেতুতে দুর্ঘটনার কবলে তিন বাস, আহত ৫

ঘন কুয়াশার কবলে পদ্মা সেতুতে পরপর তিনটি বাসের ধাক্কার ঘটনা ঘটেছে। এতে এক কিশোরসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সেতুর জাজিরা প্রান্তের ১৯ নম্বর পিলারের কাছে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। 

পদ্মা সেতুর উত্তর থানার ওসি আলমগীর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় বাসার (১৬) নামের এক কিশোরকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে সেতু এলাকায় ঘন কুয়াশা ছিল। এ সময় ঢাকামুখী লেনে ১৯ নম্বর পিলারের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে শরীয়তপুর সার্ভিস,  মেঘনা ট্রাভেলস, টুঙ্গীপাড়া এক্সপ্রেস নামের তিনটি বাস পেছন থেকে পরপর ধাক্কা দেয়।

দুমড়ে-মুচড়ে যায় মেঘনা ট্রাভেলস ও শরীয়তপুর সার্ভিস বাসের সামনের অংশ ও টঙ্গীপাড়া বাসের পেছনের অংশ।

আহত হয় কমপক্ষে ৫ জন যাত্রী। বেশ কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনার পর যাত্রীরা অন্য বাসের সহযোগিতায় গন্তব্যে চলে যায়।

আহত বাসার নামের এক কিশোরকে উদ্ধারকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ।

পদ্মা সেতু উত্তর থানার ওসি আলমগীর হোসেন বলেন, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরানো হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।