মহান বিজয় দিবসের দিনে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা বিএনপির জামতৈল রেলস্টেশন এলাকার কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করতে দেখা গেছে। গতকাল শুক্রবার সকালের এ ঘটনা ফেইসবুকে ভাইরাল হলে স্থানীয় মুক্তিযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করেন। যদিও বিএনপির পক্ষ থেকে বিষয়টি অনিচ্ছাকৃত ভুল বলে দাবি করা হয়েছে।
এ বিষয়ে কামারখন্দ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী আমিনুল ইসলাম বলেন, ‘রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী বিজয় দিবসে জাতীয় পতাকা পূর্ণাঙ্গভাবে উত্তোলন করতে হবে। তা না করে অর্ধনমিতভাবে উত্তোলন গর্হিত কাজ। বিএনপির এ ধরনের ভুল বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয়কে অবমাননা করা।’
কামারখন্দ উপজেলা বিএনপির সভাপতি বদিউজ্জামান ফেরদৌস বলেন, ‘আমি সকালে ছিলাম না। হয়তো ছেলেপেলেরা বিষয়টি বুঝতে না পেরে এভাবে পতাকা উত্তোলন করেছে। বিষয়টি জানার পরে দুপুরে সঠিকভাবে লাগানো হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা বলেন, ‘এ ধরনের কাজ আইনগতভাবে অপরাধ। ইতিমধ্যে পতাকা উত্তোলন কমিটিকে ঘটনাস্থল পরিদর্শনে পাঠানো হয়েছে। বিষয়টি দেখে তারা প্রয়োজনে ব্যবস্থা নেবেন।’