'সীমান্ত হত্যাসহ সীমান্তে সব ধরনের অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনা হবে। এ জন্য বাংলাদেশ ও ভারত যৌথভাবে কাজ করছে। সম্প্রতি ভারতের দিল্লির বৈঠকে এ বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়। সীমান্তে বসবাসকারী বাসিন্দাদের এ বিষয়ে সচেতন করা হচ্ছে।'
আজ শনিবার দুপুরে লালমনিরহাট শহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চার্চ অব গড হাই স্কুলের প্লাটিনাম জুবিলি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এ সময় তিনি আরো বলেন, 'বাংলাদেশ ও ভারতের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে যে সব রুট বন্ধ আছে, সেগুলো আবার চালু করতে সরকার কাজ করছে।' লালমনিরহাট সদর উপজেলার সীমান্তবর্তী মোগলহাট কাস্টমস চেকপোস্ট ও স্থলবন্দর পুনরায় চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
এ সময় প্রতিমন্ত্রীকে প্রশ্ন করা হয়- গত দেড় বছরে লালমনিরহাটের বিভিন্ন সীমান্তে নিহত ঝয়জন বাংলাদেশির মরদেহ বিএসএফ ভারতে নিয়ে গেছে এবং সেগুলো এখনো ফেরত দেয়নি। এমন প্রশ্নে প্রতিমন্ত্রী জানান, বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ নেবেন।