সখীপুরে থিনার ভর্তি ড্রাম বিস্ফোরণে একজন নিহত

টাঙ্গাইলের সখীপুরে থিনার ভর্তি ড্রাম বিস্ফোরণে একজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। 

শনিবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের এতিমখানা রোডের এস এম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের  সামনে থিনার ভর্তি ড্রামটি খোলার সময় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ওই ব্যক্তির নাম ইয়াকুব রাজু (৩২)। তিনি উপজেলার বগা প্রতিমা গ্রামের তাহের আলীর ছেলে। নিহত ইয়াকুব রাজু এস এম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কর্মচারী ছিলেন। 

আহতরা হচ্ছেন, আলামিন (১৮), আতিকুল (৪০) ও সবুজ (২৬)। আহতদের প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে আহত আতিকুল ও আল আমিন থিনার ভর্তি ওই ড্রামটি খোলার জন্য এতিমখানা রোডের এস এম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে নিয়ে যান। ওয়ার্কশপের কর্মচারী ইয়াকুব রাজু ওই ড্রামটি খুলতে গেলে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই ইয়াকুব রাজুর মৃত্যু হয়। এ সময় ড্রামটি উড়ে ১০০ গজ দূরে গিয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লোকজন লাশটি উদ্ধার করে।

স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এড. জোয়াহেরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।