আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৩৭ প্রতিষ্ঠান

করপোরেট সুশাসনের জন্য পুঁজিবাজারের তালিকাভুক্ত ৩৭ প্রতিষ্ঠানকে পুরস্কার দিয়েছে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)। ১২টি ক্যাটাগরিতে এসব প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে কোম্পানিগুলোকে নবম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২১ দেওয়া হয়।

আইসিএসবির নির্ধারিত মানদ- অনুযায়ী, ২০২১ সালে কোম্পানিগুলোর সাফল্যের ভিত্তিতে এই পুরস্কার প্রদান করা হয়। এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘প্রমোটিং গভর্নিং এক্সিলেন্স’। ইনস্টিটিউট কর্তৃক নির্ধারিত মানদ-ের ওপর ভিত্তি করে কোম্পানিগুলোকে তাদের স্বচ্ছ করপোরেট গভর্ন্যান্সের জন্য এ স্বীকৃতি দেওয়া হয়। ২০২১ সালে এই প্রতিষ্ঠানগুলোর সামগ্রিক ব্যবস্থাপনার ক্ষেত্রে তারা কতটা করপোরেট ন্যায়পরায়ণতা, স্বচ্ছতা এবং জবাবদিহি বজায় রেখেছে তার পরিপ্রেক্ষিতে কোম্পানিগুলোকে মূল্যায়ন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। আরও উপস্থিত ছিলেন করপোরেট গভর্ন্যান্স কমিটির চেয়ারম্যান এম নুরুল আলম, কাউন্সিল সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়াসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিএসবির প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদ উল্লাহ।

সালমান এফ রহমান বলেছেন, অনেক আইন পাস হয়, কিন্তু অনেক সময়ই সে উদ্দেশ্য বাস্তবায়ন হয় না। আইসিএসবি সেটা শতভাগ পালন করছে। কোম্পানির মালিকরা তাদের স্বীকৃতিও দিয়েছে। তিনি বলেন, এ সরকার ক্ষমতায় আসার পর অনেকগুলো ব্যাংকের লাইসেন্স দিয়েছে, সেটা নিয়ে খুব সমালোচনা হয়েছে। এখন ৪৫টি ব্যাংকে ১৯০টি সিএ কোম্পানি কাজ করছে।

বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘আমাদের বিশাল অর্থনীতি বেসরকারি খাতনির্ভর। এগুলোর হিসাব-ব্যবস্থাপনা ও নিরীক্ষার জন্য অনেক প্রতিষ্ঠান প্রয়োজন। আমাদের দায়িত্ব বেসরকারি খাতকে উৎসাহ দেওয়া,আমরা সেটাই করছি।’

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, কোম্পানিগুলোই এ খাতের প্রাণ। ব্যবসাকে সহজ করার চেষ্টা করা হচ্ছে, যাতে বিনিয়োগ বাড়ে। এতে তাদের যেমন লাভ হবে একইভাবে দেশের জনগণও লাভবান হবে। তিনি বলেন, কোম্পানিগুলোর গভর্ন্যান্স এবং কমপ্লায়েন্স খুবই জরুরি। ব্যবসার ক্ষেত্রে জবাবদিহি ও স্বচ্ছতার চর্চা করতে হবে। ২০২১ সালের সামগ্রিক করপোরেট সুশাসন মানদ- অনুসারে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিকে বিভিন্ন ক্যাটাগরিতে সুশাসন প্রতিপালনের জন্য গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ পদক দেওয়া হয়।

জেনারেল ব্যাংকিং সেক্টরে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে ইস্টার্ন ব্যাংক। আর মার্কেন্টাইল ব্যাংক সিলভার এবং ব্র্যাক ব্যাংক ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে। ইসলামিক ব্যাংকিং ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে শাহজালাল ইসলামী ব্যাংক। নন-ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে ডিবিএইচ ফাইন্যান্স। এ ছাড়া আইডিএলসি ফাইন্যান্স সিলভার এবং বাংলাদেশ ফাইন্যান্স ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।

জেনারেল ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি। রিলায়েন্স ইন্স্যুরেন্স ও পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি যৌথভাবে সিলভার এবং সেনাকল্যাণ ইন্স্যুরেন্স ও সিটি জেনারেল ইন্স্যুরেন্স যৌথভাবে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে। লাইফ ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে যথাক্রমে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স।

ফার্মাসিউটিক্যালস ও কেমিক্যাল ক্যাটাগরিতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস গোল্ড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলভার এবং ওরিয়ন ফার্মা ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে। টেক্সটাইল ও আরএমজি ক্যাটাগরিতে গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে যথাক্রমে প্যারামাউন্ট টেক্সটাইল, মতিন স্পিনিং ও স্কয়ার টেক্সটাইল লিমিটেড। ফুড ও অ্যালায়েড ক্যাটাগরিতে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার গোল্ড, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ সিলভার এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে। ইঞ্জিনিয়ারিং কোম্পানি ক্যাটাগরিতে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি গোল্ড, সিঙ্গার বাংলাদেশ সিলভার এবং রানার অটোমোবাইলস ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে। ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে যৌথভাবে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে আরএকে সিরামিকস বাংলাদেশ ও ম্যারিকো বাংলাদেশ এবং যৌথভাবে সিলভার অর্জন করেছে লাফার্জহোলসিম বাংলাদেশ ও প্রিমিয়ার সিমেন্ট মিলস। ফুয়েল অ্যান্ড পাওয়ার ক্যাটাগরিতে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গোল্ড, সামিট পাওয়ার সিলভার এবং ডোরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে। সার্ভিস ক্যাটাগরিতে ইস্টার্ন হাউজিং লিমিটেড গোল্ড, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস সিলভার এবং ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।