বিহারে বিষাক্ত মদপানে ৬৫ জনের মৃত্যু

ভারতের বিহারে বিষাক্ত চোলাই মদপানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ জনে। গত ৬ বছরে এমন ট্রাজেডি দেখেনি বিহার। গত শুক্রবার বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিহারের সারণ জেলার চাপড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। ছয় বছর আগে বিহারে মদ নিষিদ্ধ করার পর থেকে বিষাক্ত মদপানে এটাই সর্বোচ্চ মৃত্যু।

এর আগে গত বৃহস্পতিবার জেলায় বিষাক্ত মদপানে ৩১ জনের মৃত্যু হয়, গুরুতর অসুস্থ অবস্থায় আরও অন্তত ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থদের অনেকেই দৃষ্টিশক্তি হারিয়েছে। গত মঙ্গলবার থেকেই মদপানের ফলে অসুস্থতার খবর পাওয়া যাচ্ছিল। এই ঘটনা নিয়ে ভারতের জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি) বিহারের সরকার ও রাজ্য পুলিশের মহাপরিচালকের (ডিজিপি) প্রতি নোটিস জারি করেছে। ২০১৬ সালের এপ্রিল থেকে বিহারে মদ বিক্রি ও পানে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি আছে, কিন্তু রাজ্য সরকার এ নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর করছে না বলে অভিযোগ উঠেছে।