ঘন কুয়াশা: বঙ্গবন্ধু সেতু‌তে ৪ ঘণ্টা পর টোল আদায় শুরু

টাঙ্গাইলে ঘন কুয়াশার কার‌ণে বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদায় বন্ধ থাকায় মহাসড়‌কে ১৪ এলাক‌ায় যানজটের সৃ‌ষ্টি হ‌য়েছে।

র‌বিবার (১৮ ডি‌সেম্বর) ভোর ৪টা থে‌কে সকাল ৮টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদায় বন্ধ রাখা হয়। এতে ঢাকা-টাঙ্গ‌াইল-বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়‌কের বঙ্গবন্ধু সেতু পূর্ব হ‌তে কা‌লিহাতীর আনালিয়া বাড়ি পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।

বঙ্গবন্ধু সেতু ট্রা‌ফিক কন্ট্রোল রুম সূত্রে জানা গে‌ছে, র‌বিবার ভোরে কুয়াশার পরিমাণ বে‌ড়ে যায়। এতে দৃষ্টিসীমার ৪০ মি‌টা‌রের কম হওয়ায় সেতু‌তে দুর্ঘটনা এড়া‌তে উভয়পা‌ড়ে টোল আদায় বন্ধ রাখে কর্তৃপক্ষ। ত‌বে কোনো দুর্ঘটনা হয়‌নি।

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী ব‌লেন, ঘন কুয়াশার কার‌ণে কিছুই দেখা যা‌চ্ছে। এতে সেতুতে দুর্ঘটনা এড়া‌তে সেতু‌তে চার ঘণ্টা টোল আদায় বন্ধ রাখা হয়। বর্তমানে কুয়াশার পরিমাণ ক‌মে যাওয়ায় টোল আদায় শুরু হ‌য়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শ‌ফিকুল ইসলাম ব‌লেন, ঘন কুয়াশার কার‌ণে সেতুতে টোল আদায় বন্ধ থাকায় মহাসড়‌কে পরিবহনের দীর্ঘ সা‌রির সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। সকাল আটটার পর টোল আদায় শুরু হওয়ায় প‌রিবহন চলাচল শুরু হ‌য়েছে।