রাজশাহীর চারঘাটে জমি নিয়ে বিরোধের জেরে দুই চাচাতো ভাই খুন হয়েছেন। গত শনিবার বিকেলে চারঘাট উপজেলার ভায়ালক্ষীপুর ইউনিয়নের লক্ষীপুর বিলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন দেদার আলীর ছেলে আজিজ আলী (৫০) ও জেকের আলীর ছেলে আকরাম আলী (৫৫)। তারা দুজনেই উপজেলার ভায়ালক্ষীপুর ইউনিয়নের বাঁকড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই চাচাতো ভাই আজিজ ও আকরামের মধ্যে পারিবারিক সূত্রে পাওয়া এক একর জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। আকরাম সেই জমি দখলে রেখে গম চাষ করেছিলেন। শনিবার বিকেলে সেই জমিতে সার দিতে গেলে আজিজ তার পক্ষের লোকজন নিয়ে এসে সার দিতে নিষেধ করে। এ-সময় আকরামও তার লোকজনকে খবর দেয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় হাঁসুয়ার আঘাতে আজিজ ও আকরাম আহত হন। স্বজনরা উদ্ধার করে সন্ধ্যার পর চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সংঘর্ষে দুই পক্ষের আহত ৫ জন স্থানীয় হাসপাতালে ভর্তি আছেন।
চারঘাট থানার ওসি মাহাবুবুল আলম জানান, এই ঘটনায় দুটি আলাদা মামলা হয়েছে। নিহত আজিজের স্ত্রী ও আকরাম আলীর স্ত্রী আলাদা দুটি মামলা করেছেন। ঘটনার পর সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।