রূপান্তরের চ্যালেঞ্জ রূপান্তরের সম্ভাবনা

আমরা এমন এক সময়ে বসবাস করছি যখন শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীই এক অভূতপূর্ব গতিতে রূপান্তরিত হচ্ছে। এই রূপান্তর কেবল অর্থনীতিতেই নয়, রাজনীতি-সমাজ-সংস্কৃতি সবখানেই দৃশ্যমান। এই দ্রুত পরিবর্তনশীল সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নিত্যনতুন রূপান্তরের চ্যালেঞ্জ গ্রহণ করতে হচ্ছে সংবাদমাধ্যমকেও। আজ থেকে ঠিক চার বছর আগে এমন চ্যালেঞ্জকে সামনে রেখেই যাত্রা শুরু করেছিল আমাদের পত্রিকাদেশ রূপান্তর। এই নামের মধ্যেই ব্যক্ত হয়ে আছে সামগ্রিকভাবে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে; তথা সমাজ-সংস্কৃতি-রাজনীতি-অর্থনীতিকে রূপান্তরিত করার প্রত্যয়। ২০১৮ সালের ১ অক্টোবর আত্মপ্রকাশের মধ্য দিয়ে যে পত্রিকাটি যাত্রা শুরু করেছিল হাঁটি হাঁটি পা পা করে এবার তা পাঁচে পা দিয়েছে। মাত্র চার বছরের এই যাত্রায় দেশ রূপান্তরের অর্জন নেহায়েত কম নয়। একটি নতুন পত্রিকা হিসেবে যাত্রা শুরুর সময় নিজেদের ‘দায়িত্বশীলদের দৈনিক’ হিসেবে যে দাবি দেশ রূপান্তর করেছিল অল্প সময়ের মধ্যেই সাহসী সাংবাদিকতার মধ্য দিয়ে সেই দায়িত্ব পালনের প্রচেষ্টার স্বাক্ষর রাখার চেষ্টা আমরা করেছি। কেবল পাঠকের কাছে গ্রহণযোগ্যতাই নয়, বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রকাশের মাধ্যমে রাষ্ট্রীয় কর্মকা-ে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার সংগ্রামে ভূমিকা রাখার স্বীকৃতিও দেশ রূপান্তর পেয়েছে। আমাদের দৃঢ় প্রত্যয় রয়েছে এই প্রচেষ্টা অব্যাহত রাখার এবং আমরা আশাবাদী যে পাঠক, লেখক ও বিজ্ঞাপনদাতারা আমাদের ওপর আরও বেশি আস্থা রাখবেন এবং দেশ রূপান্তরের এই রূপান্তরের যাত্রায় অংশীজন হবেন। এক্ষেত্রে সংবাদপত্রকে জনপ্রিয় করার জন্য লেখক-পাঠকদের গুরুত্বপূর্ণ ভূমিকার সঙ্গে বিজ্ঞাপনদাতাদের ভূমিকারও স্বীকৃতি প্রয়োজন। কারণ পত্রিকাকে অর্থনৈতিকভাবে টিকিয়ে রেখে পাঠকদের কাছে মানসম্মত কন্টেন্ট পৌঁছে দেওয়ার কাজটি অব্যাহত রাখতে বিজ্ঞাপনদাতারা সেতুবন্ধনের গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন। যা কোনো চাপের কাছে নতি স্বীকার না করে দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে স্বাধীন সাংবাদিকতার শর্ত পূরণে সহায়ক।   

এখন জাতীয় ও বৈশি^ক পরিম-লে যে রূপান্তরের ক্রান্তিকাল চলছে তার অন্যতম প্রযুক্তির দ্রুত পরিবর্তনশীলতা। দুনিয়াজুড়েই ছাপা পত্রিকা এবং অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকতার ধারণা ও ধরন দ্রুত পাল্টে যাচ্ছে। দেশ রূপান্তরও এই পরিবর্তনের যাত্রায় সক্রিয় অংশগ্রহণকারী। অনেকে বলেন, ছাপা পত্রিকার দিন ফুরিয়ে আসছে। আমরা তা মনে করি না। এটা ঠিক যে, অনলাইন-টেলিভিশনপুষ্ট এই যুগে পুরনো ধাঁচের ছাপা পত্রিকা চলবে না। নতুন ধরন লাগবে। অনলাইন তাৎক্ষণিকতার কারণে পর্যাপ্ত সময় পায় না, ভিজ্যুয়াল মিডিয়া আয়োজনজনিত বিস্তৃতির কারণে অনেক জায়গায় ঢুকতে পারে না। এসব ক্ষেত্রে বিশদ বিশ্লেষণ আর বিশেষ আয়োজনে এখনো ছাপা পত্রিকাকেই কাজ করে যেতে হবে। আমরা মনে করি, সময়ের চাহিদার সঙ্গে খাপ খাইয়ে ছাপা পত্রিকা নিজেকে অভিযোজিত করবে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে, বেশি সংখ্যক পাঠকের কাছে দ্রুততম সময়ে পৌঁছানোর জন্য, প্রযুক্তি সুবিধা নিয়ে পাঠকের দুনিয়াকে আরও সম্প্রসারিত করতে মাল্টিমিডিয়ার ওপর জোর দিতে হবে। দেশ রূপান্তর এই ভাবনাকে মাথায় রেখেই চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে নতুন ওয়েবসাইট উদ্বোধন করেছে। পাঁচে পায়ের এই দিনে ছাপা পত্রিকার ‘দায়িত্বশীলদের দৈনিক’ মোটোর সঙ্গে যেমন যুক্ত হয়েছে ‘সঙ্গে থাকুন, এগিয়ে থাকুন’ ট্যাগলাইন তেমনি দেশ রূপান্তরের ওয়েবসাইটে যুক্ত হয়েছে ‘নতুন, সহজ ও সাম্প্রতিক’ ট্যাগলাইন। আমরা প্রত্যয়ী যে, দেশ রূপান্তরের নতুন ওয়েবসাইট অনেক বেশি পাঠকবান্ধব হবে। পাঠকরা এখন আগের চেয়ে অনেক বেশি সংবাদ ও অন্যান্য কন্টেন্ট স্বাচ্ছ্যন্দের সঙ্গে পড়তে পারবেন, দেখতে-শুনতে পারবেন। আমরা আশাবাদী অনলাইনের পাশাপাশি ফেইসবুক-ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও দেশ রূপান্তরের সাবলীল পদচারণা মুখরিত হবে পাঠক-সাবস্ক্রাইবারদের সঙ্গে সার্বক্ষণিক ইন্টারেকশনের মধ্য দিয়ে। 

এই প্রেক্ষাপট মাথায় রেখে আমরা দেশ রূপান্তরের নব নব রূপান্তরের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। কারণ আমরা বিশ্বাস করি নতুন চ্যালেঞ্জ সবসময়ই নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে। প্রতিষ্ঠাতা সম্পাদক অমিত হাবিব অভিজ্ঞদের প্রাজ্ঞতা আর মেধাবী তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে যে যাত্রা শুরু করেছিলেন, চার পেরিয়ে পাঁচে পা দিয়ে দেশ রূপান্তর আজ সেই যাত্রায় আগের চেয়ে আরও আত্মবিশ্বাসী। বিগত দিনের অভিজ্ঞতায় ঋদ্ধ হয়ে এখন মেধা ও মননের সঙ্গে তারুণ্যের সাহস আর শক্তিকে কাজে লাগিয়ে ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা মামুনের নেতৃত্বে আরও বেশি করে নতুনের সম্ভাবনার চ্যালেঞ্জ নিতে যাচ্ছে দেশ রূপান্তর। আমরা বিশ্বাস করি মতপ্রকাশের স্বাধীনতার সংগ্রামের পাশাপাশি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সংগ্রাম অব্যাহত রাখতে এমন চ্যালেঞ্জ গ্রহণ করা প্রতিটি সংবাদমাধ্যমেরই দায়িত্ব। এই যাত্রায় দেশ রূপান্তরের সঙ্গী হয়ে থেকে পাঠকরা নিজেদের দায়িত্বশীলতার প্রমাণ রাখতে পারবেন। আমরা মনে করি, দেশ ও জাতিকে নবরূপান্তরে আরও এগিয়ে নিতে বর্তমান সংকটকে আমরা সম্ভাবনায় পরিণত করব। আমরা তাই ভয় পাই না বরং ভয়ের মধ্যেই দেখতে পাই জয়।