তারকাদের সঙ্গে নিয়ে দেশ রূপান্তরের পাঁচে পা

৪ বছর পেরিয়ে ৫-এ পা দিল দৈনিক দেশ রূপান্তর। শুরুর দিন থেকে দেশ রূপান্তর দেশের শিল্প-সংস্কৃতির প্রচার ও প্রসারে ভূমিকা রাখছে। তাই এ অঙ্গনের তারকারা দেশ রূপান্তর পরিবারের সদস্য। জন্মদিনে দেশ রূপান্তর নিয়ে নিজেদের ভাবনার কথা বলেছেন শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকারা। তাদের সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

ববিতা, অভিনেত্রী

মাত্র চার বছর। আরও অনেক পথ পাড়ি দিতে হবে দেশ রূপান্তরকে। সবাই যে সেই পথ পাড়ি দিতে পারে তা কিন্তু নয়। কিন্তু দেশ রূপান্তর পারবে বলে আমি আশা করি। নানা সময়ে আমি দেশ রূপান্তরের সঙ্গে কথা বলেছি। আমাকে দারুণভাবে উপস্থাপন করা হয়েছে। আমার অভিজ্ঞতার কথা প্রকাশ করেছে। জাতীয় দৈনিক হিসেবে শিল্পীর প্রতি এই ভালোবাসা ও দায়বদ্ধতা ভবিষ্যতেও অটুট থাকুক সেই প্রত্যাশা করি।

সাবিনা ইয়াসমীন, সংগীতশিল্পী

পথচলার শুরু থেকেই দেশ রূপান্তর আমাকে আপন করে নিয়েছে। আমার মনে পড়ছে, দৈনিকটির প্রথম বিশেষ সংখ্যায় আমার সাক্ষাৎকার ছাপা হয়েছিল। এরপর অনেকবারই আমি বিনোদন পাতায় সাক্ষাৎকার দিয়েছি। তা দেখে মনে হয়েছে খুব রুচিশীলতার সঙ্গে শিল্পীদের প্রেজেন্ট করা হয়। কাকে কতটা সম্মান করা উচিত তা জানে। শিল্পীর জন্য এটাই বড় প্রাপ্তি। এমনিতেই তারা অল্প সময়ে মানুষের কাছে পৌঁছে গেছে। সাংস্কৃতিক অঙ্গনের মানুষ হিসেবে আমি চাই, বিনোদন পাতায় সেসব শিল্পী, সুরকার, গীতিকার ও সংগীত পরিচালকদের খবর প্রকাশ করা হোক, যাদের অসংখ্য কালজয়ী সৃষ্টি আছে কিন্তু মানুষ তাদের নামটা পর্যন্ত ভুলে গেছে। তাদের মধ্যে অনেকে আছেন আমাদের চেয়েও সিনিয়র। মাহমুদুন্নবী, খন্দকার ফারুক আহমেদ, বশীর আহমেদ, আঞ্জুমান আরা, নার্গিস পারভীন, ফিরোজ সাঁইসহ অনেক শিল্পী আছেন। সংবাদমাধ্যমের দায়িত্বের মধ্যে পড়ে তাদের নতুন করে পরিচয় করিয়ে দেওয়া।

সুবর্ণা মুস্তাফা, অভিনেত্রী ও সাংসদ

দেশ রূপান্তর পাঁচ বছরে পা রাখল, আমি অভিনন্দন জানাই এর সঙ্গে জড়িত সবাইকে। শুনে ভালো লাগছে যে এতো কম সময়ে পত্রিকাটি সরকারি সংস্থা ডিএফপির তালিকায় সেরা ৭-এ জায়গা করে নিয়েছে। আমি চাইব পত্রিকাটি সব সময় সত্য তুলে ধরবে। হলুদ সাংবাদিকতা থেকে দূরে থাকবে। সংবাদের পরিচ্ছন্ন উপস্থাপন আশা করি দেশ রূপান্তরের কাছ থেকে।

মামুনুর রশীদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব

এই তো সেদিন যাত্রা শুরু করল, এরই মধ্যে চার বছর অতিক্রম করে ফেলেছে দেশ রূপান্তর! ভাবতে ভালো লাগছে। কারণ, দ্রুত সময়ে এটি জনপ্রিয় হয়ে উঠেছে। পত্রিকার সঙ্গে আমি খুব সম্পৃক্ত। নিয়মিত পড়ি পত্রিকাটি। নানা বিষয়ে নিয়মিত কলামও লিখি। এ ছাড়া বিনোদন পাতায় আমার সাক্ষাৎকার, নাট্যদল আরণ্যকের খোঁজখবর নিয়মিত প্রকাশিত হয়। আমার মনে হয়েছে তারা সব সংবাদই নিরপেক্ষভাবে উপস্থাপনের চেষ্টা করছে। বস্তুনিষ্ঠ সংবাদের প্রতি আগ্রহ রয়েছে। আশা করি, আগামীতে সংবাদের ধারা আরও তীক্ষè হবে।

আবুল হায়াত, অভিনেতা

দেশ রূপান্তরের পথচলা যেদিন শুরু হলো, সেদিন সেই আনন্দঘন অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম। দেখতে দেখতে চার বছর পূর্ণ করে ফেলল দৈনিকটি। এর মধ্যে আমার বেশ কিছু সাক্ষাৎকার প্রকাশ হয়েছে। সেখানে আমার এই সময়ের চিন্তাভাবনা ও কাজের অভিজ্ঞতার কথা শেয়ার করেছি। আমার পছন্দের একটি পত্রিকা এটি। আমি চাই দেশ রূপান্তর সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে। কোনো চাপে পড়ে সংবাদ গোপন করবে না। পত্রিকায় দেশ-বিদেশের সব খবরই থাকবে। কিন্তু সাংস্কৃতিক অঙ্গনের মানুষ হিসেবে আমি চাই আমাদের দেশীয় সংস্কৃতি নিয়ে যেন বেশি বেশি খবর প্রকাশ হয়। সব শিল্পীর কাজই যেন ঠায় পায়। শুভকামনা রইল।

কুমার বিশ্বজিৎ, সংগীতশিল্পী

সাফল্যের সঙ্গে চার বছর পার করল দেশ রূপান্তর। সামনের দিনগুলো আরও মসৃণ হবে এই প্রত্যাশা করি। বিগত দিনগুলোতে সংস্কৃতির বিকাশে দেশ রূপান্তর নিরলস কাজ করেছে। আমি চাই শেকড়ের কথা যেন সব সময় মনে রাখে দৈনিকটি। দেশীয় শিল্প-সংস্কৃতিকে তারা গুরুত্ব দেবে।

ফাহমিদা নবী, সংগীতশিল্পী

গানের মানুষ হিসেবে দেশ রূপান্তরের বিনোদন পাতা আমি খেয়াল করেছি। দুই বছরে পত্রিকাটির বিনোদন পাতা নিয়ে আমার উপলব্ধি হলো এখানে বানোয়াট কোনো কিছুর জায়গা নেই। যে যা তাকে সেভাবেই উপস্থাপন করা হয়। যাদের নিয়ে লেখা হয় তাদের সর্বোচ্চ সম্মান দেওয়া হয়। খুব নিষ্ঠার সঙ্গে কাজ করা হয় সেটা লেখা পড়লেই বোঝা যায়। সব মিলিয়ে আমার খুব ভালো লাগে পত্রিকাটি। তবে গানের মানুষ হিসেবে আরেকটি বিষয় চাই। সেটি হলো এমন শিল্পী আছেন যারা অনেক বছর ধরে গান করছেন। তাদের মেধার কোনো কমতি নেই, কিন্তু প্রচারবিমুখ বলেই হয়তো সাধারণ মানুষের কাছে পরিচিতি পান না। তাদের এ নিয়ে খুব ক্ষোভ থাকে। দেশ রূপান্তর তেমন শিল্পীদেরও মানুষের সামনে তুলে ধরবে বলে আমার প্রত্যাশা।

শাকিব খান, চিত্রনায়ক

দেশের আয়তনের তুলনায় যেমন জনসংখ্যা বেশি, তেমনি প্রয়োজনের তুলনায় গণমাধ্যমের সংখ্যা বেশি বলে আমার কাছে মনে হয়। এর মধ্যে মানসম্মত ও বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশন করে এমন গণমাধ্যমের সংখ্যাও খুবই কম। তাদের মধ্যে দেশ রূপান্তর একটি। মাত্র চার বছরে মানুষের কাছে অনেকটাই আস্থার জায়গা তৈরি করে ফেলেছে। স্বচ্ছ ও সু-সাংবাদিকতা দিয়ে সংবাদমাধ্যমটি সামনে এগিয়ে যাক। সমাজ পরিবর্তনে যুক্ত থাকুক সত্য সারথি হয়ে। অপসংস্কৃতিকে প্রমোট না করে সুস্থ সংস্কৃতির প্রচারে আরও ভূমিকা রাখুক। দেশ রূপান্তরের পত্রিকা ও অনলাইন দুই মাধ্যমের জন্যই রইল শুভেচ্ছা।

শিবলী মহম্মদ, নৃত্যশিল্পী

এখন দেশে অনেক দৈনিক পত্রিকা, অনেক অনলাইন নিউজ পোর্টাল। কিন্তু বেশিরভাগ সংবাদমাধ্যম এক ধরনের জোয়ারে চলে। সে ক্ষেত্রে দেশ রূপান্তরকে আমি একটু আলাদা বলব। কারণ, নৃত্যশিল্পী হিসেবে আমি খেয়াল করেছি পত্রিকাটি নৃত্যশিল্প নিয়ে ভালো কাজ করে। যেখানে অন্য অনেক সংবাদমাধ্যমে নৃত্যশিল্পকে সংস্কৃতির অন্যান্য মাধ্যমের চেয়ে অবহেলার চোখে দেখা হয়, সেখানে দেশ রূপান্তর সমান সম্মানের সঙ্গে নৃত্যশিল্পীকে সহযোগিতা করে। আমি সব সময় পত্রিকাটির সঙ্গে কথা বলতে আরাম বোধ করি। দুই বছর পূর্তিতে অনেক শুভকামনা জানাই।

মোস্তফা সরয়ার ফারুকী, নির্মাতা

চার বছর পূর্তিতে দৈনিক দেশ রূপান্তরকে শুভেচ্ছা। আগামীর জন্য শুভকামনা জানাই। বাংলাদেশের মানুষ যে মনে করে সংবাদমাধ্যম তাদের কণ্ঠস্বর হিসেবে কথা বলছে না, দেশ রূপান্তর সেই ধারণা দূর করুক সেটাই প্রত্যাশা।

পূর্ণিমা, চিত্রনায়িকা

এক কথায় বলতে চাই, দেশ রূপান্তর পত্রিকায় আমার যে সাক্ষাৎকার বা খবরগুলো ছাপা হয়েছে তা পড়ে খুব ভালো লেগেছে। শিল্পীকে চেনা ইমেজের বাইরে আবিষ্কারের একটা প্রয়াস থাকে। এই বিষয়টি আমার ভালো লেগেছে। আমি চাই এভাবেই পত্রিকাটি বছরের পর বছর ইতিবাচক চিন্তা নিয়ে মানুষের ভালোবাসা অর্জন করুন। শুভ জন্মদিন দেশ রূপান্তর।

শর্মিলা বন্দ্যোপাধ্যায়, নৃত্যশিল্পী

নৃত্যশিল্প নিয়ে খুব ভালো কাজ করে দেশ রূপান্তর, এটা নির্দ্বিধায় বলতে চাই। নৃত্যশিল্পীদের সাক্ষাৎকার, নাচের খবর, অর্জনগুলো মানুষের সামনে আগ্রহের সঙ্গে তুলে ধরে পত্রিকাটি। আমাদের একটি ভরসার জায়গা এটি। মিডিয়া ছাড়া এগুলো সবার মাঝে পৌঁছতে পারতাম না। এজন্য দেশ রূপান্তর পরিবারের প্রতি কৃতজ্ঞতা। শুধু বিনোদন নয়, অন্য পাতাগুলোও খুব যত্ন নিয়ে করা হয়। আরও সুন্দর হোক আগামীর দিনগুলো।

তাহসান খান, গায়ক ও অভিনেতা

দেশ রূপান্তরের নাম জানতে পারি বাজারে আসার আগেই। যাত্রার শুরুতে বিশেষ সংখ্যার জন্য আমার দীর্ঘ সাক্ষাৎকার নিতে বাড়িতে এসেছিলেন এর বিনোদন সম্পাদক। অর্থাৎ শুরু থেকেই পত্রিকাটির সঙ্গে আমি জড়িয়ে আছি। সব সময় তারা আমার খোঁজখবর রেখেছে। পাঠককে আমার সম্পর্কে নতুন কিছু জানাতে চেয়েছে। এই চেষ্টা সাধুবাদ পাওয়ার যোগ্য। শিল্পীকে নানামাত্রিক দৃষ্টিকোণ থেকে জানা ও বোঝার পর তা পাঠককে জানানোর মধ্যে একধরনের সেতুবন্ধ তৈরি হয়। শিল্পী সম্পর্কে মানুষের ধারণা জন্ম নেয়। সেদিক থেকে ইতিবাচকভাবে সংবাদ উপস্থাপন করলে তা শিল্পীর জন্য আরামদায়ক। সেই আরামটা পাওয়া যায় দেশ রূপান্তর থেকে। শুভকামনা, শুভ জন্মদিন দেশ রূপান্তর।

মৌটুসী বিশ্বাস, অভিনেত্রী

এত পত্রিকার ভিড়ে দেশ রূপান্তর অল্প সময়ে আমার পছন্দের তালিকায় চলে এসেছে। সাংস্কৃতিক অঙ্গনে কাজ করি বলে বিনোদন পাতার কথাই বলতে চাই। আমি এ পাতাটি নিয়মিত পড়ি। আমার মনে হয় পত্রিকাটি শুধু যেদিকে জোয়ার যাচ্ছে, সেদিকেই যায় না। স্রোতের বিপরীতেও কাজ করে। যেমন অনেক প্রচারবিমুখ গুণী শিল্পীকে খুঁজে এনে তাদের সাক্ষাৎকার প্রকাশ করে। পত্রিকাটির লেখার মানও ভালো, ইতিবাচক মনোভাব তৈরি হয় পড়ার পর। আমার শুভচ্ছো থাকল। যে স্ট্যান্ডার্ড তৈরি হয়েছে পত্রিকাটির তা যেন সব সময় থাকে, সেটাই প্রত্যাশা করি।

দিলশাদ নাহার কনা সংগীতশিল্পী

দেশ রূপান্তর শিল্পীদের সম্মান করতে জানে, ভালোবাসতে জানে। সব সময় শিল্পীদের খোঁজখবর রাখে। আমার নতুন কোনো গান বা অর্জনের খবর ভক্তদের মধ্যে ছড়িয়ে দিতে সেতুবন্ধ হয়ে কাজ করে। তাদের অনেক ভালোবাসা। আমি চাই সংগীতাঙ্গনে অনেক নতুন শিল্পী আছেন যারা খুব মেধাবী, মৌলিক গান নিয়ে কিছু একটা করতে চান, তাদের যেন খুঁজে এনে প্রমোট করে পত্রিকাটি। তাহলে মেধাবীদের পথচলা মসৃণ হবে।

বাপ্পী চৌধুরী, চিত্রনায়ক

দেশ রূপান্তর পরিবার আমার কাছে নিজের পরিবারের মতো। কারণ শিল্পীকে সেভাবেই আপন করে নিতে পারে তারা। পত্রিকাটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে শ্যুটিং সেট থেকেই আমি উপস্থিত হয়েছিলাম। এভাবেই সবাইকে আপন করে নিয়ে একসঙ্গে পথ চলুক দেশ রূপান্তর। আর আমাদের সিনেমার পাশে যেন এভাবেই সব সময় তাদের আমরা পাই। চলচ্চিত্র যে ট্রানজিশন পিরিয়ড পার করছে, তাতে সংবাদমাধ্যমের ইতিবাচক সমর্থন না পেলে আমাদের ঘুরে দাঁড়াতে কষ্ট হবে। দেশীয় শিল্প-সংস্কৃতির উন্নয়নের জন্য তারা যেন উদার থাকে এভাবেই।

সিয়াম আহমেদ, চিত্রনায়ক

দেশ রূপান্তরের যাত্রা আর আমার সিনেমার যাত্রা একই সময়ে শুরু। আমার প্রথম সিনেমা ‘পোড়ামন ২’-এর মুক্তির কিছুদিন আগেই পত্রিকাটি বাজারে আসে। তখন সিনেমার প্রচারের জন্য আমি আর সহশিল্পী পূজা চেরী তাদের লাইফস্টাইল পাতার প্রথম সংখ্যার প্রচ্ছদ মডেল হয়েছিলাম। দুই বছরে আমরা একসঙ্গে সাফল্যের সঙ্গে বেশ কিছুটা পথ হেঁটেছি। সব সময় পত্রিকাটিকে পাশে পেয়েছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সংবাদমাধ্যম দর্শকের সঙ্গে আমাদের যোগাযোগ বজায় রাখতে সাহায্য করে। এই কভিডের সময় আমরা কেউ কাজ করতে পারিনি, কিন্তু তখনো আমাদের আপডেট দর্শকের কাছে পৌঁছে দিয়েছে সংবাদমাধ্যমগুলো। এগুলো আমাদের কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা। এই সহযোগিতা অব্যাহত থাকবে আশা করি। দেশ রূপান্তরের আরও সাফল্য কামনা করি।

নুসরাত ফারিয়া, চিত্রনায়িকা

দেশ রূপান্তরের জন্য সব সময় শুভকামনা। স্পষ্ট মনে আছে, আমি শাকিব খানের সঙ্গে ‘শাহেনশাহ’ সিনেমার শ্যুটিং করছিলাম এফডিসিতে। তখন পত্রিকাটির বিনোদন সম্পাদক আমাকে জানালেন দেশ রূপান্তর নামে একটি দৈনিক বাজারে আসছে। শুরুর দিকে যে বিশেষ সংখ্যাগুলো করেছিল তারা, তার মধ্যে আমার দীর্ঘ সাক্ষাৎকার ছিল। সাক্ষাৎকারের প্রশ্নগুলো ছিল ভীষণ ইন্টারেস্টিং আর অন্যদের থেকে আলাদা। তখনই বুঝেছিলাম শোবিজ অঙ্গনে পত্রিকাটি সাড়া ফেলবে। তাই হয়েছে, আমি পত্রিকাটির সঙ্গে সব সময় আছি। তারা আরও বহুদূর এগিয়ে যাক।