এনবিএফআই শীর্ষ কর্তাদের গাড়ি ব্যবহারে কড়াকড়ি

দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীর গাড়ি পরিবর্তনে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব কর্মকর্তা প্রতিষ্ঠানের ব্যয়ে একাধিক গাড়ি ব্যবহারের সুবিধা পাবেন না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে দেশের সব আর্থিক প্রতিষ্ঠানে পাঠিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রতিষ্ঠান ও আমানতকারীদের স্বার্থে আর্থিক প্রতিষ্ঠানগুলোর যানবাহন ব্যবহারে উচ্চ পরিচালন ব্যয় কমানোর জন্য সব যানবাহন ন্যূনতম পাঁচ বছর ব্যবহারের পর প্রতিস্থাপনযোগ্য হবে। এখন থেকে গাড়ির আয়ুষ্কাল-সংক্রান্ত সরকারি আদেশের সঙ্গে সংগতি রেখে গাড়িসহ আর্থিক প্রতিষ্ঠানের অন্যান্য কাজে ব্যবহারের উদ্দেশ্যে ক্রয়কৃত গাড়ি ন্যূনতম আট বছর ব্যবহার করতে হবে।

এতে আরও বলা হয়, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে পরিচালন বা উন্নয়ন ব্যয় কমানোর সরকারি সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে ২০২২-২৩ অর্থবছরে আর্থিক প্রতিষ্ঠানগুলোর দাপ্তরিক ব্যয়ে যেকোনো ধরনের যানবাহন ক্রয় (নতুন/প্রতিস্থাপন) বন্ধ থাকবে। এ ছাড়া প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীরা প্রতিষ্ঠানের ব্যয়ে একাধিক গাড়ি ব্যবহারের সুবিধা পাবে না। অপরদিকে যেসব কর্মকর্তা গাড়ি ঋণ এবং এর রক্ষণাবেক্ষণ বাবদ অর্থ গ্রহণ করেন সেসব কর্মকর্তারা প্রতিষ্ঠানের গাড়ি ব্যবহার করতে পারবেন না।