যুদ্ধ শুরুর পর প্রথম বিদেশ সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই সফরে যুক্তরাষ্ট্রের দেওয়া প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও নতুন করে ২০০ কোটি ডলার সহায়তা প্যাকেজের নিশ্চয়তা পেতে যাচ্ছেন তিনি। সফর নিশ্চিত করে টুইটারে জেলেনস্কি লিখেছেন, ‘ইউক্রেনের প্রতিরোধ ও প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে আমি যুক্তরাষ্ট্রে রওনা দিয়েছি।’
এক প্রতিবেদনে জেলেনস্কির সম্ভাব্য সফরসূচি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন। সফরসূচি অনুযায়ী যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার দুপুরে জেলেনস্কির ওয়াশিংটনে পৌঁছানোর কথা। তাকে স্বাগত জানাবেন বাইডেন। বিকেলে দুই মিত্র বৈঠকে বসবেন। এরপর এক যৌথ সংবাদ সম্মেলনে তারা আলোচনার বিষয় তুলে ধরবেন। সন্ধ্যার দিকে ক্যাপিটল হিলে যাবেন জেলেনস্কি এবং যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সঙ্গে যৌথ সভায় অংশ নেবেন।
গেল মঙ্গলবার ইউক্রেনে রুশ সেনা প্রবেশের ৩০০ দিন পার হয়েছে। ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর জেলেনস্কি নিয়মিতই কিয়েভে বিদেশি রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্বাগত জানিয়েছেন; যুদ্ধরত সেনাদের সঙ্গে দেখা করতে ইউক্রেনের বিভিন্ন অংশেও গেছেন তিনি। সর্বশেষ মঙ্গলবারই অঘোষিত সফরে তিনি বাখমুত রণক্ষেত্রে গিয়েছিলেন। কিন্তু যুদ্ধ শুরুর পর প্রথম অঘোষিত সফরে যুক্তরাষ্ট্রে যাওয়ার মধ্য দিয়ে জেলেনস্কি ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্কের গুরুত্বের দিকেই ইঙ্গিত করলেন। রাশিয়া সেনা পাঠানোর পর কিয়েভ যারা সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে ওয়াশিংটন তাদের শীর্ষে। আসছে বছর দেশটিকে ৪ হাজার কোটি ডলারেরও বেশি অতিরিক্ত সহায়তা দিতে একটি বিল নিয়ে কাজ করছে বাইডেন প্রশাসন।