বিশেষ রাষ্ট্রদূতদের বিশেষ নজরদারিতে রাখি : স্বরাষ্ট্রমন্ত্রী

বিদেশি রাষ্ট্রদূতদের নিরাপত্তার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘রাষ্ট্রদূতদের জন্য আমরা যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করে থাকি। বিশেষ রাষ্ট্রদূতদের বাড়তি নজরদারিতে রাখা হয়। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের নিরাপত্তা বিঘি্নত হয়েছে বলে মনে করি না। ভুল-বোঝাবুঝির জায়গা থেকে হয়তো তিনি বলেছেন। সেখানে এমন কিছু হয়নি, যাতে নিরাপত্তা বিঘিœত হবে।’

গতকাল বুধবার দুপুরে রাজশাহী নগরের সিঅ্যান্ডবি মোড়ে ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু ম্যুরাল’ উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস ১৪ ডিসেম্বর সকালে রাজধানীর শাহীনবাগে বিএনপির নিখোঁজ নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় যান। তিনি সেখানে যাওয়ার পর বাসার সামনে ‘মায়ের কান্না’ সংগঠনের ব্যানার হাতে কিছু লোক অবস্থান নেন। তারা জিয়াউর রহমানের বিরুদ্ধে বিচারের নামে সামরিক ব্যক্তিদের হত্যার অভিযোগ করেন। ১৯৭৭ সালে সেই ঘটনার ভুক্তভোগী পরিবারগুলোর বাড়িতে যাওয়ার আহ্বান জানান। তাতে মার্কিন রাষ্ট্রদূত সাড়া দেননি বলে অভিযোগ করেছ সংগঠনটি। সে সময় ‘নিরাপত্তাজনিত কারণে’ চলে আসতে বাধ্য হন পিটার ডি হাস। পরে তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে এ বিষয়ে কথা বলেন।

সেদিনের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যেখানে ঘটনাটি ঘটেছে, সেটি আমারই নির্বাচনী এলাকা। আমরা জানতাম না তিনি একটি বাসায় যাবেন। রাষ্ট্রদূত বলেছেন, জানাজানি হয়েছে। কিন্তু আমরা সেটা জানতাম না। সেদিন ঘটনাটি জানার পরপরই রাষ্ট্রদূতের নিরাপত্তার জন্য পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। তার আসা-যাওয়ার সময় যেন কোনো ধরনের বিঘœ না ঘটে, এ বিষয়ে পুলিশ সজাগ ছিল।’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান বলেন, ‘দেশের একটি আইন আছে, একটি সংবিধান আছে।  যে সংবিধানকে ফলো করে আমরা চলছি। সেই সংবিধানে কোনো জায়গাতেই তত্ত্বাবধায়ক সরকারের কথা নেই। কাজেই তত্ত্বাবধায়ক সরকারের কোনো প্রশ্নই আসে না।  পৃথিবীর অন্য দেশগুলোতে যেভাবে নির্বাচন হয়, এভাবেই আমাদের দেশে নির্বাচন হবে। নির্বাচন কমিশনের অধীনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেশবাসী প্রত্যাশা করে, আমরাও সেটা চাচ্ছি।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের সংবিধান অনুযায়ী বিরোধীদের মিছিল-মিটিং-সমাবেশ করার অধিকার রয়েছে। তবে আন্দোলনের নামে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে দেশের প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আগামীতেও হবে।’