ইইউতে পোশাক রপ্তানির প্রবৃদ্ধিতে শীর্ষে বাংলাদেশ

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) তৈরি পোশাক রপ্তানি প্রবৃদ্ধিতে শীর্ষে রয়েছে বাংলাদেশ। চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি দাঁড়িয়েছে ১ হাজার ৭৫৬ কোটি ডলারে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪৩ দশমিক ২১ শতাংশ বেশি। এটি ইউরোপীয় ইউনিয়নে তৈরি পোশাক রপ্তানি করা অন্য যে কোনো দেশের চেয়ে বেশি প্রবৃদ্ধি।  

ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা, ‘ইউরোস্ট্যাট’ ২০২২ সালের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ের জন্য  ইউরোপীয় ইউনিয়নের পোশাক আমদানির সর্বশেষ যে পরিসংখ্যান প্রকাশ করেছে, তা থেকে এ তথ্য জানা গেছে। পরিসংখ্যান অনুযায়ী, উল্লিখিত সময়ে বিশ্ব থেকে ইউরোপীয় ইউনিয়নের আমদানি ২৭ দশমিক ৮৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ দশ পোশাক সরবরাহকারীর মধ্যে বাংলাদেশ সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে।

আগের মতোই বাংলাদেশ ২২ দশমিক ৫৬ শতাংশ শেয়ার নিয়ে ইউরোপে পোশাক আমদানিতে দ্বিতীয় বৃহত্তম উৎস। আর সবচেয়ে বেশি ২৯ দশমিক শূন্য ৪ শতাংশ শেয়ার নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে চীন। ইইউ ২০২২ সালের প্রথম ৯ মাসে চীন থেকে ২ হাজার ২৫৯ কোটি ডলার মূল্যের পোশাক আমদানি করেছে, যেখানে বছরওয়ারি প্রবৃদ্ধি ছিল ২৫ দশমিক ১৯ শতাংশ।

তৃতীয় বৃহত্তম পোশাক আমদানির উৎস তুরস্ক থেকে ইইউ-এর আমদানি ৯১৯ কোটি ডলারে পৌঁছেছে। এক্ষেত্রে বছরওয়ারি প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ৮৬ শতাংশ। অন্যদিকে, ভারত থেকে ইউরোপীয় ইউনিয়নের আমদানি বেড়েছে ১৫ দশমিক ৮৫ শতাংশ। এ সময়ে কম্বোডিয়া থেকে ৪১ শতাংশ, ইন্দোনেশিয়া ৩৩ দশমিক ৪৬ শতাংশ এবং পাকিস্তান ৩০ দশমিক ৭৬ শতাংশ আমদানি বেড়েছে ইউরোপীয় ইউনিয়নের।