দুই জনের চ্যালেঞ্জ দুই রকম

পদ রক্ষার লড়াইয়ে কাদের

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে টানা দুই মেয়াদে দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী তিনি। আগামীকাল ২৪ ডিসেম্বর দলের ২২তম জাতীয় সম্মেলন। আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে কে হচ্ছেন সাধারণ সম্পাদক?

সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের নাম বেশি আলোচিত হচ্ছে। এবার হলে তৃতীয়বারেরমতো এ দায়িত্ব পাবেন তিনি। তবে তার শারীরিক অসুস্থতার ব্যাপারটিও বেশ আলোচিত। তিনি বাদ পড়তে যাচ্ছেন কি না সে সম্পর্কে কৌতূহল রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেও তিনি কি তা সামলাতে পারবেন এমন প্রশ্নও ঘুরপাক খাচ্ছে তাদের মনে।

দলের দায়িত্ব পালনের পাশাপাশি সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে ওবায়দুল কাদের দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন। তার মন্ত্রণালয়ের অধীনেই দেশের সবচেয়ে বড় অর্জন পদ্মা সেতু হয়েছে। বিশে^ বাংলাদেশকে সম্মানের আসনে বসিয়েছে এই সেতু।

তৃতীয়বার সাধারণ সম্পাদক হওয়ার আলোচনায় থাকলেও নানাবিধ চ্যালেঞ্জও সামনে রয়েছে ওবায়দুল কাদেরের। বড় চ্যালেঞ্জ হবে দ্বাদশ সংসদ নির্বাচন। দ্বিতীয় চ্যালেঞ্জ মাঠে বিরোধী দল বিএনপির সরকারবিরোধী আন্দোলন মোকাবিলা করা। তৃতীয় চ্যালেঞ্জ দলকে ঐক্যবদ্ধ রাখা। এই তিন চ্যালেঞ্জ মোকাবিলায় কতটা সফল হবেন বা ব্যর্থ হলে কী সংকট সৃষ্টি হবে তা নিয়ে দলের ভেতরে-বাইরে বিস্তর আলোচনা চলছে। আলোচনা চলছে ওবায়দুল কাদের ছাড়া বিকল্প কে আছেন, তা নিয়েও।

২২তম জাতীয় সম্মেলনকে সামনে রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদাকাক্সক্ষীরা ও তাদের অনুসারীরা তৃতীয় দফায় সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান না ওবায়দুল কাদেরকে। ফলে ওবায়দুল কাদেরের শারীরিক অসুস্থতার বিষয়টি আলোচনায় আনা হচ্ছে। দলের একটি অংশ মনে করে, আগামী নির্বাচন সামলাতে ও আন্দোলন মোকাবিলা করতে হলে সাধারণ সম্পাদকের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। দলীয় সভাপতি শেখ হাসিনার পাশে সুস্থ-সবল একজন সাধারণ সম্পাদকের বিশেষ প্রয়োজন। তাতে সভাপতি কিছুটা চাপমুক্ত থাকতে পারবেন।

ক্ষমতাসীন আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা দেশ রূপান্তরকে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশ সফর করতে হবে দলের সাধারণ সম্পাদককে। কৌশলী রাজনীতি ও সিদ্ধান্তের প্রয়োজন পড়বে। আন্তর্জাতিক রাজনীতি-কূটনীতি দক্ষতার সঙ্গে সামলাতে হবে দলের সভাপতির পাশাপাশি দলের সাধারণ সম্পাদককেও। আলোচনায় থাকা ওবায়দুল কাদেরের জন্য বয়স ও শারীরিক অবস্থার কারণে এসব কাজ সঠিকভাবে করে ওঠা কঠিন হবে।

আওয়ামী লীগের সম্পাদকম-লীর এক সদস্য দেশ রূপান্তরকে বলেন, রাজনৈতিক প্রজ্ঞা-মেধা-দক্ষতায়, সর্বোপরি আওয়ামী লীগের জন্য কৌশলী একজন সাধারণ সম্পাদক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যিনি দলকে ঐক্যবদ্ধ রাখতে পারবেন, দ্বাদশ সংসদ নির্বাচন ভালোভাবে সামাল দিতে পারবেন ও আন্দোলন মোকাবিলা করতে পারবেন। কৌশলগত রাজনীতিতে বিশেষ পারদর্শী হবেন। তিনি বলেন, আওয়ামী লীগ টানা ক্ষমতায় থাকায় বিভিন্ন মত-পথের ও আদর্শের লোক দলে জায়গা নিয়েছে, ব্যক্তি-অনুসারী বেড়েছে দলে। সংগঠনের বিভিন্ন স্তরে আদর্শের-স্বার্থের দ্বন্দ্ব-কোন্দল এখন চরমে। দ্বন্দ্ব ন্যূনতম মাত্রায় রাখতে সাধারণ সম্পাদকের ভূমিকা অনেক বেশি। এটি বিশেষ আমলে রাখতে হবে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অবর্তমানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠেছেন। সামনে ফখরুল আরও গুরুত্বপূর্ণ হবেন। এই সময়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমন কাউকে হতে হবে, যিনি ভাবমূর্তি সম্পন্ন হবেন এবং মির্জা ফকরুলকে মাঠের রাজনীতিতে ঘায়েল করতে পারবেন। গ্রহণযোগ্য একজন নেতাকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে বসাতে হবে।

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম আওয়ামী লীগের দায়িত্ব হাতে নিয়ে দল পরিচালনায় সফলতার যে স্বাক্ষর রেখেছেন, দলকে যে উচ্চতায় নিয়ে গেছেন তাতে যিনিই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হবেন তাকে সবসময় ছায়া সৈয়দ আশরাফের সঙ্গে লড়াই করে টিকে থাকতে হবে। সৈয়দ আশরাফ দায়িত্ব পালনের সময়ে নানা সমালোচনায় পড়লেও দায়িত্ব ছাড়ার পর আওয়ামী লীগের সর্বস্তরে একটি আস্থার নাম হয়ে ওঠেন। সাধারণ সম্পাদক হিসেবে দলের সবাই চান একজন সৈয়দ আশরাফকে।

দলের বিভিন্ন পর্যায়ের নেতা ও শুভাকাক্সক্ষীরা দাবি করেন, এখন কাদেরের চেয়ে ভালো সাধারণ সম্পাদক বেছে নেওয়াও কঠিন। আর যাই হোক ওবায়দুল কাদেরের বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার আছে। তার দলের জন্য ত্যাগও আছে। একাধিকবার কারাবরণ করেছেন। রাজনীতির সুসময়-দুঃসময় দুটোই দেখেছেন কাছ থেকে। সারা দেশে পরিচিতিও আছে। তার চেয়ে বেশি জানাশোনা কম নেতারই আছে। আওয়ামী লীগের জন্য কমিটমেন্টও নেহায়েত কম নয় কাদেরের।

দলের সম্পাদকম-লীর আরেক সদস্য দেশ রূপান্তরকে বলেন, আওয়ামী লীগের মতো প্রাচীন একটি দলের সাধারণ সম্পাদক হিসেবে এমন দুয়েকজনের নাম শোনা যায়, যারা দায়িত্ব পেলে রাজনীতি ছেড়ে দিতে চাইবেন অনেকে। তিনি বলেন, সভাপতিমন্ডলীর তিন জন ও যুগ্ম সাধারণ সম্পাদক পদের একজন সাধারণ সম্পাদক হিসেবে আলোচনায় আছেন। ওনাদের মধ্যে একজনকে দায়িত্ব দেওয়া হলেও রাজনীতি-আন্দোলন ও নির্বাচন মোকাবিলা করা যাবে। এর বাইরে যারা রয়েছেন কেউই এই সময়ে সাধারণ সম্পাদক পদের জন্য ফিট নন।

২০১৬ সালে দলের ২০তম সম্মেলনে প্রথমবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পান ওবায়দুল কাদের। ২০১৯ সালের মার্চে ২১তম সম্মেলনের আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। তার শারীরিক অসুস্থতার বিষয়টি সামনে এনে দ্বিতীয় সর্বোচ্চ এই পদে তাকে পিছিয়ে রাখতে বহু চেষ্টা করা হয়েছে। শেষ পর্যন্ত শেখ হাসিনার আস্থা অর্জন করেছেন তিনিই।

১৯৭১ সালে মুজিব বাহিনীর হয়ে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলয় আহত ওবায়দুল কাদের। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর দীর্ঘ আড়াই বছর কারাগারে ছিলেন। কারাগারে থাকা অবস্থায় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। পরের মেয়াদেও সভাপতি হন।  তিন বারের সংসদ সদস্য ওবায়দুল কাদের। বর্ণাঢ্য এই রাজনীতিক ১৯৬৬ সালের ছয় দফা, ৬৯ সালের গণঅভ্যুত্থান, ছাত্রদের ১১ দফা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন।

১৯৭৫-পরবর্তী কঠিন সময়ের রাজনীতির অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ ওবায়দুল কাদের সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক সম্পাদক পদ নিয়ে প্রথমে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে আসেন। পরের দুটি সম্মেলনে এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক এবং ১৯তম সম্মেলনে সভাপতিম-লীর সদস্য হন ওবায়দুল কাদের। ২০তম ও ২১তম সম্মেলনে সাধারণ সম্পাদক হন।   

ওই সম্মেলনের আগেই সর্বোচ্চ চিকিৎসাসেবা দিয়ে মৃত্যুর মুখ থেকে ওবায়দুল কাদেরকে ফিরিয়ে আনা হয়। বানানো হয় টানা দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক। তবে দায়িত্ব পেলেও শারীরিক অবস্থা ও করোনা মহামারীর কারণে দেড় বছর ঘরবন্দি থাকতে হয়েছে তাকে। সড়ক, যোগাযোগ ও সেতুমন্ত্রী হিসেবে দাপ্তরিক কাজও সেরেছেন ঘর থেকেই। এর ফলে সরকারি কাজে তেমন প্রভাব না পড়লেও সারা দেশে দলের সাংগঠনিক কার্যক্রমে বিরূপ প্রভাব পড়ে; সংগঠন ঝিমিয়ে পড়ার দশায়। ঘরে বসে গণমাধ্যমে সরব থেকেছেন ওবায়দুল কাদের। প্রতিদিন গণমাধ্যমে দলের ও সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেছেন সংবাদ সম্মেলনে।

চলতি বছরের শেষের দিকে ঘর থেকে বাইরে বের হতে শুরু করেন ওবায়দুল কাদের। দলীয় কর্মকা-ে সরাসরি অংশগ্রহণ করেন। তৃণমূলের সম্মেলন-বর্ধিতসভা, কর্মিসভা এসব আয়োজনে যাওয়া-আসা শুরু করেন। ঢাকার বাইরেও নিয়মিত যাতায়াত করছেন। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে শোনা যায়। তাই নিজের শক্তি-সামর্থ্য প্রমাণ করতে আগের মতো সরব হয়ে উঠেছেন তিনি। এই নেতার ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদকের দায়িত্ব পেতে আগ্রহী তিনি। অসুস্থতার কথা ভুলে দলীয় কার্যক্রমে নিয়মিত উপস্থিত থাকছেন তিনি।