সম্মেলনে বড় পরিবর্তনের সম্ভাবনা নেই : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এবারের সম্মেলনে বড় ধরনের কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তবে ২২তম জাতীয় সম্মেলনে অন্তত ১০ নেতা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সভাপতি পদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘অপরিহার্যতা’ তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, দলের সভাপতি যিনি আছেন, তিনি আমাদের ঐক্যের প্রতীক। তিনি এখানে অপরিহার্য। তাকে সমর্থন করে না এমন একজনও কাউন্সিলর খুঁজে পাওয়া যাবে না। কাজেই এ নিয়ে কোনো প্রশ্ন নেই।

দলটির সাধারণ সম্পাদকের বিষয়ে তিনি বলেন, এই পদে প্রার্থী হতে অনেকেরই ইচ্ছা থাকতে পারে। আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। আমার জানা মতে, এ পদে অন্তত ১০ প্রার্থী আছেন, যারা সাধারণ সম্পাদক হওয়ার যোগ্যতা রাখেন। তাদের কে হবেন, তা নেত্রীর সিদ্ধান্ত এবং কাউন্সিলরদের মতামতে সবকিছুর প্রতিফলন ঘটবে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে।

তিনি বলেন, আমরা আগেই বলেছি, এবারের সম্মেলনে যে কমিটি হবে, তাতে তেমন একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। পরবর্তী সম্মেলন নির্বাচনের পরে হবে। আপাতত বড় ধরনের কোনো পরিবর্তনের ব্যাপারে আমরা ভাবছি না। তবে কাউন্সিলরদের মতামতের ওপর সবকিছু নির্ভর করবে। আমি এই মুহূর্তে কোনো কিছু প্রেডিক্ট করতে চাই না।

বিতর্কিতদের ব্যাপারে আওয়ামী লীগের ভাবনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, এবারের নির্বাহী কমিটি অত্যন্ত সক্রিয় একটা কমিটি। করোনার মধ্যেও কাজ করতে দেখেছি। নেত্রীর ওপর নির্ভর করে সবকিছু। আমরা কেউ পারফেক্ট মানুষ না, ভুলত্রুটি নিয়েই মানুষ। নতুন নেতৃত্ব খুঁজতে অনেক কিছু চিন্তাভাবনা করতে হবে। বিতর্কিতদের ব্যাপারে আমাদের চিন্তাভাবনা আছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সহযোগিতায় ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার কথা উল্লেখ করে তিনি বলেন, এখন আওয়ামী লীগের লক্ষ্য ‘স্মার্ট বাংলাদেশ’। ২০৪১ পর্যন্ত উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করব আমরা। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাব এবং এবারকার সম্মেলন এটা হবে একটা চ্যালেঞ্জিং টাইমস।

বৈশ্বিক যুদ্ধ এবং নিষেধাজ্ঞার প্রক্রিয়ায় বাংলাদেশ সংকটে আছে মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এই সংকটকে সম্ভাবনায় রূপ দিতে এবারের সম্মেলনে স্মরণকালের সর্ববৃহৎ উপস্থিতি থাকবে। এবারের সম্মেলন ঐতিহাসিক সম্মেলন হবে। সারা দেশে জাগরণের ঢেউ আছে। সম্মেলনে নেতাকর্মীদের ঢল নামবে।

তিনি বলেন, সুশৃঙ্খল, সুসংগঠিত উপস্থিতির মাধ্যমে আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি। আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে আমরা জাতির কাছে অঙ্গীকার রেখেছি, সেই লক্ষ্যে কাজ করে যাব। স্মার্ট বাংলাদেশ গড়তে আওয়ামী লীগকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করে গড়ে তুলতে চাই আমরা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগ প্রস্তুত জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আগামী সরকার পরিচালনার জন্য আমরা প্রস্তুত, ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল এটাই বার্তা আমাদের।