‘বোনের’ সঙ্গে দুই যুগ পর আলোচনা ফিরছেন বঙ্গবীর!

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সপরিবারে সাক্ষাৎ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

গতকাল শুক্রবার সন্ধ্যায় তিনি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে যান বলে গণমাধ্যমকে জানান প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব কেএম শাখাওয়াত মুন। তিনি বলেন, কাদের সিদ্দিকীর সঙ্গে তার সহধর্মিণী নাসরিন সিদ্দিকী ও তাদের দুই মেয়েও ছিলেন। শাখাওয়াত মুন আরও বলেন, ‘তিনি (কাদের সিদ্দিকী) প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী ও কাদের সিদ্দিকী কুশল বিনিময় করেন এবং স্বাস্থ্যের খোঁজখবর নেন।’

গত জাতীয় সংসদ নির্বাচনে কাদের সিদ্দিকীর দল কৃষক শ্রমিক জনতা লীগ বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের ব্যানারে নির্বাচন করে। সেই সময় শেখ হাসিনাকে বোন সম্বোধন করে তার নানান সমালোচনাও করেন তিনি।

জানতে চাইলে সাক্ষাতের কথা স্বীকার করে গতকাল রাতে কাদের সিদ্দিকী দেশ রূপান্তরকে বলেন, ‘শেখ হাসিনা আমার বোন। আমাকে দেখতে চেয়েছেন, তাই ডেকে পাঠিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ ছেড়ে আসার পর এত লম্বা সময় আমরা বৈঠক করিনি। সাক্ষাৎ হয়েছে, অল্প কথাও হয়েছে।’

ভাইবোনের আলোচনায় কী উঠে এসেছে জানতে চাইলে কাদের সিদ্দিকী বলেন, ‘আমরা দুজনই রাজনীতি করি। রাজনৈতিক আলোচনাও হয়েছে। সুবিধা-অসুবিধার কথাও উঠে এসেছে। প্রায় দেড় ঘণ্টার আলোচনায় সম্মেলন নিয়ে কোনো কথা হয়নি। আমরা তো দেশের মঙ্গল নিয়েই ভাবি।’

তাহলে কি নিজ গৃহে (আওয়ামী লীগে) ফিরছেন এমন প্রশ্নের উত্তরে মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বীরউত্তম খেতাব পাওয়া বঙ্গবীরখ্যাত কাদের সিদ্দিকী অনেকটা নরম সুরে হাসিমাখা কণ্ঠে বলেন, ‘না, তা না। তবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই।’

গতকাল সন্ধ্যা ৬টায় গণভবনে যান কাদের সিদ্দিকী। দুই ঘণ্টার মতো সেখানে অবস্থানকালে প্রায় দেড় ঘণ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন।