আ.লীগের জাতীয় সম্মেলনে বিএনপির ৩ নেতাকে আমন্ত্রণ

ক্ষমতাসীন আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে বিএনপির তিন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা হলেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খান। আমন্ত্রণ পেলেও না যাওয়ার ইঙ্গিত দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

গতকাল শুক্রবার দুপুর ১২টায় আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে এসে আমন্ত্রণপত্র পৌঁছে দেয়। আমন্ত্রণপত্র গ্রহণ করেন এমরান সালেহ প্রিন্স। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদপ্তর সম্পাদক আবু সায়েমের নেতৃত্বে আওয়ামী লীগের সম্মেলনের অভ্যর্থনা কমিটির সদস্যরা আমন্ত্রণপত্র পৌঁছে দেন।

এ সময় বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা ও এমরান সালেহ প্রিন্স আওয়ামী লীগের প্রতিনিধিদের বলেন, আমাদের সব নেতা কারাগারে। আমরা সম্মেলনে কীভাবে যাব। এর জবাবে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম বলেন, এটা সরকারের ব্যাপার। আমরা দলের পক্ষ থেকে এসেছি, আমরা আশা করি আপনাদের প্রতিনিধিদল সম্মেলনে যাবে।

এরপর প্রিন্স বলেন, দলের হাই কমান্ডের সঙ্গে আলোচনা করে জানানো হবে।

আমন্ত্রণপত্র গ্রহণের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, সহতথ্যবিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুলসহ কয়েকজন নেতা।

আওয়ামী লীগ নেতা সায়েম বিএনপি নেতাদের বলেন, প্রত্যেক রাজনৈতিক সংগঠনকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান ও আবদুল মঈন খান এই তিনজনকে আমন্ত্রণ করেছি।

তিনি বলেন ‘যারা কারাগারে, সেটা আইনের বিষয়। তাই প্রতিনিধিত্বকারী বাইরে থাকা নেতাদের আমন্ত্রণ করেছি।’ আগের দিন বিএনপিকে আমন্ত্রণ জানালেন কেন, এর জবাবে তিনি বলেন, ‘বৈশ্বিক সংকটের কারণে এবার আমাদের সবকিছু সাদামাটা। এবার আমরা স্বল্প সময়ে, অল্প অর্থ ব্যয়ে সম্মেলন সমাপ্ত করার চেষ্টা করছি। স্বল্প পরিসরে আমরা আমন্ত্রণপত্র বিলি করছি।’