আ.লীগেই শুধু অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা হয় : কাদের

‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগই অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা করে। সংগঠনের গঠনতন্ত্র মেনে নিয়মিত সম্মেলন করে। অন্য কোনো দলে আছে কিনা জানা নেই।’ গতকাল শুক্রবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে দলের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সেতুমন্ত্রী বলেন, জাতীয় সম্মেলনের মাধ্যমে আমরা দেশের মানুষকে স্বতঃস্ফূর্ত এই বার্তা দিতে চাই। আমরা জনগণের পাশে আছি, পাশে থাকব। পরবর্তী নির্বাচনেও জনগণের পরামর্শ নিয়ে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তুলতে চায় আওয়ামী লীগ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আই এম নট এ পারফেক্ট লিডার।’ দায়িত্ব পালন করতে গিয়ে নিজের ভুলত্রুটি হতে পারে। বড় দলে সফলতার পাশাপাশি ব্যর্থতাও কিছু থাকবে।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ রুলিং পার্টি, একাধারে টানা তিন মেয়াদে ক্ষমতায় তাই কিছু সমস্যা থাকে। যেমনÑ যিনি নেতৃত্বে আছেন তিনি থাকতে চান আবার নতুন কেউ পদে আসার আকাক্সক্ষা থাকতে পারে। দুই মিলে অনেক সময় কনফ্লিক্ট তৈরি হয়ে যায়। কিছু কিছু জায়গায় সমস্যা হয়। সম্মেলনের বিষয়ে তিনি বলেন, শনিবার সকাল সাড়ে ১০টায় সম্মেলন শুরু হবে। সম্মেলন মঞ্চে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য, উপদেষ্টা পরিষদ সদস্য এবং কার্যনির্বাহী কমিটির সদস্যরা বসবেন। বিকেল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দ্বিতীয় অধিবেশন শুরু হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সম্মেলনের শুরুতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করবেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ ছাড়া ৭৮টি সাংগঠনিক জেলা ইউনিটের সভাপতি-সম্পাদক নির্ধারিত জায়গায় দাঁড়িয়ে পতাকা উত্তোলন করবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ড. আবদুর রাজ্জাক, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম ও কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ড. হাছান মাহমুদ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, আফজাল হোসেন ও সফিউল আলম চৌধুরী নাদেল, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ।