ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে এক বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত ও আরও তিনজন আহত হয়েছে বলে জানিয়েছে কর্র্তৃপক্ষ। গতকাল শুক্রবার কুর্দি সাংস্কৃতিক কেন্দ্র, একটি রেস্তোরাঁ ও একটি সেলুন লক্ষ্য করে বন্দুকধারী গুলি চালায়।
গতকাল সকালে এ গুলির ঘটনার পরপরই ৬৯ বছর বয়সী একজনকে আটক করেছে পুলিশ; সন্দেহভাজন ওই ব্যক্তি বছরখানেক আগে প্যারিসে এক শরণার্থী শিবিরে তলোয়ার নিয়ে হামলা চালিয়েছিল। নিরাপত্তা হেফাজত থেকে সে সম্প্রতি ছাড়া পেয়েছে বলেও জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, হামলাকারী একটি কুর্দি কমিউনিটি সেন্টার ও একটি রেস্তোরাঁ লক্ষ্য করে গুলি ছোড়ে। ঘটনাস্থলটি গা দ্যুলেস্ট স্টেশন থেকে খুব দূরে নয় বলে জানিয়েছে বিবিসি। সংবাদমাধ্যমটি বলছে, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় মেয়র অ্যালেকসন্দ্রা কর্দেবার বলেছেন, গুলির ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিও আহত হয়েছে। মোট তিনটি স্থানে গুলি চলে। কুর্দি কমিউনিটি সেন্টার, একটি রেস্তোরাঁ ও একটি সেলুন। গুলিতে সেলুনের ভেতরের দুজন আহত হয়েছেন।
গ্রেপ্তার হওয়া বন্দুকধারী ফরাসি নাগরিক বলে জানিয়েছে কয়েকটি স্থানীয় সংবাদমাধ্যম। পুলিশ আটক করার সময় ওই সন্দেহভাজন বাধা দেয়নি। পুলিশ তার বন্দুকটিও জব্দ করেছে।