১৮১ মিলিয়ন ইউরো ঋণ এবং অনুদান দেবে জার্মানি

নবায়নযোগ্য জ্বালানি খাতে ১৮১ দশমিক ৫ মিলিয়ন ইউরো ঋণ দেবে জার্মানি। ‘শিল্পে শক্তি দক্ষতা’ এবং ‘নবায়নযোগ্য শক্তি প্রোগ্রাম-২’ শীর্ষক প্রকল্পগুলোর জন্য ১৬২ মিলিয়ন ইউরো এবং ‘নবায়নযোগ্য শক্তি প্রোগ্রাম-৩’ বাস্তবায়নের জন্য ১৯ দশমিক ৫ মিলিয়ন ইউরো অনুদান দেবে জার্মানির কেএফডব্লিউ ডেভেলপমেন্ট ব্যাংক। গত শুক্রবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে ইআরডি জানায়, বৃহস্পতিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং কেএফডব্লিউ ডেভেলপমেন্ট ব্যাংকের মধ্যে দুটি ঋণ চুক্তি এবং একটি অনুদান চুক্তি সই হয়েছে। চুক্তি সই করেন ইআরডি সচিব শরিফা খান এবং কেএফডব্লিউ ডেভেলপমেন্ট ব্যাংকের দক্ষিণ এশিয়ার প্রথম ভাইস প্রেসিডেন্ট এবং পরিচালক  ক্যারোলিন গাসনার। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কেএফডব্লিউ ঢাকা অফিসের পরিচালক মাইকেল সামসার এবং ইআরডি ও কেএফডব্লিউ ঢাকা অফিসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইআরডি জানায়, নবায়নযোগ্য শক্তির উৎসের ব্যবহার বাড়ানো এবং বিদ্যুৎ খাতে  নিঃসরণ কমানো এই কর্মসূচির মূল উদ্দেশ্য। প্রকল্পের আওতায় সৌর সেচপাম্প, গৃহস্থালির বায়োগ্যাস প্ল্যান্ট বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে এই কর্মসূচির আওতায় প্রযুক্তিগত মূল্যায়নে সহায়তা এবং সক্ষমতা বৃদ্ধির জন্য ব্যবহার করা হবে।  প্রকল্প এবং পর্যবেক্ষণ, প্রশিক্ষণ, প্রকল্প অধিগ্রহণের পাশাপাশি পাইপলাইন প্রকল্পের উন্নয়নে এই অর্থ ব্যয় করা হবে।