ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের বড় বাজার হতে বরিশল গ্রাম অভিমুখী সড়কের পাশের প্রটেকশন সিসি ব্লক উঠিয়ে ফেলা হয়েছে। সড়কঘেঁষে জমির মাটি খননের কাজ করতে গিয়ে ব্লক তুলে ফেলায় ভাঙনের ঝুঁকিতে পড়েছে সড়কটি। সড়কের পাশের জমির মালিক এসব ব্লক উঠিয়ে নিয়েছেন বলে জানান স্থানীয়রা।
খোঁজ নিয়ে জানা গেছে, বড়বাজার থেকে বরিশল গ্রাম হয়ে সড়কটি পশ্চিমে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের পঞ্চবটী এলাকায় মিলিত হয়েছে। গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশাসহ হেঁটে চলাচল করে। সড়কের দুই পাশে কৃষিজমি। বর্ষাকালে পানির স্রোত এসে সড়কের দুই পাশে ধাক্কা দেয়। পানির তোড় থেকে সড়ককে রক্ষার জন্য দুই পাশে সিসি ব্লক দেওয়া হয়েছে। কিন্তু বেশকিছু জায়গায় এসব ব্লক উঠিয়ে ফেলেছেন স্থানীয় বাসিন্দারা। এতে সড়কের মাটি ভেঙে পড়ার শঙ্কা দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা গেছে, বরিশল গ্রামে সড়কের প্রায় ২০০ ফুট এলাকাজুড়ে পাশের বক্লগুলো উঠিয়ে ফেলা হয়েছে। সড়কঘেঁষেই জমির মাটি খনন করা হয়েছে।
ব্লক উঠিয়ে ফেলার বিষয়ে জানতে চাইলে জমির মালিক বরিশল গ্রামের বাসিন্দা হুমায়ুন কবির বলেন, ‘সড়কের পাশে আমার জমি ভরাট করতেছি বাড়ি করার জন্য। তাই ব্লকগুলো উঠিয়ে রেখেছি। মাটির নিচে পড়ে গেলে তো কোনো কাজে আসবে না। বাড়ি করার পরে ব্লকগুলো লাগিয়ে দেব।’
এ ব্যাপারে স্থানীয় বাসুদেব ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও বরিশল গ্রামের বাসিন্দা আবদুল বাছির খান বলেন, ‘আমি ইউএনও স্যারের মাধ্যমে আদেশপ্রাপ্ত হয়ে হুমায়ুন কবিরের ভাই আলমগীর মিয়াকে বাধা দিয়েছিলাম সড়কের ব্লক না তোলার জন্য। কিন্তু তারা আমার কথায় গুরুত্ব দেয়নি।’
সদর উপজেলা প্রকৌশলী মো. আক্তার হোসেন বলেন, ‘সড়কের প্রটেকশনের জন্য ব্লকগুলো দেওয়া হয়েছে। সড়ক যাতে ভেঙে না পড়ে, সড়ক যাতে ভালো থাকে। কেউ যদি এগুলো উঠিয়ে ফেলে, তাহলে সড়কের ক্ষতি হবে। যে-ই এটা করেছেন অন্যায় করেছেন। সরকারি সম্পদ ব্যক্তির স্বার্থে কেন নষ্ট করবেন। আমরা এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’