বগুড়ায় অবৈধভাবে মজুদ করা আড়াই হাজার টন ধান জব্দ

বগুড়ায় অবৈধভাবে মজুদ করা ২ হাজার ৫৬৮ টন ধান জব্দ করা হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে সদরের মানিক চকে নির্মাণাধীন একটি রাইস মিল থেকে এসব ধান জব্দ করা হয়।

বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফউদ্দিন বলেন, গত শুক্রবার সদর উপজেলার মানিক চক এলাকায় মেঘনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান তানভীর ফুড লিমিটেডের নির্মাণাধীন অটো রাইস মিলে অবৈধভাবে ধান মজুদের অভিযোগে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অভিযান পরিচালনা করে। ওই অভিযানে তারা ২ হাজার ৫৬৮ মেট্রিক টন ধানের অবৈধ মজুদের সত্যতা পান।

পরে গতকাল দুপুরে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাছিম রেজার নেতৃত্বে জেলা প্রশাসনের একটি দল ঘটনাস্থলে গিয়ে ধানগুলো জব্দ করে।