আমীর খসরু বললেন

গণমিছিল পেছানোর বিনিময়ে আমরা পেলাম লাশ

‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অনুরোধে তাদের কাউন্সিলের দিন আমরা গণমিছিল পিছিয়ে দিলাম। তার বিনিময়ে আওয়ামী লীগ আমাদের উপহার দিল পঞ্চগড় যুবদল নেতা আব্দুর রশিদ আরেফিনের লাশ। জনগণ এখন আর এই সরকারকে চায় না। জনগণ তাদের ভোটের মাধ্যমে নিজেদের সরকার নির্বাচন করতে চায়।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগমকে সান্ত¡না দিতে তার উত্তরার বাসভবনে গিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন। গতকাল শনিবার সন্ধ্যার পর মির্জা ফখরুলের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সান্ত¡না দেন তারা। পরে আমীর খসরু উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘আওয়ামী লীগের দেয়ালের লিখনের ভাষা বোঝা উচিত। জনগণের মনোভাব বুঝে সরকার থেকে পদত্যাগ করা উচিত। যত তাড়াতাড়ি তারা এটা করবে ততই মঙ্গল তাদের। কারণ সারা দেশে সরকারবিরোধী নেতাকর্মীদের খুন, গুম করে সরকার তাদের দেউলিয়াত্ব প্রকাশ করেছে।’ গত ১০ ডিসেম্বর রাজধানীতে বিএনপির সমাবেশকে সামনে রেখে গত ৮ ডিসেম্বর গভীর রাতে সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে নিজ নিজ বাসভবন থেকে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডে নিয়ে আসেন। পরদিন শুক্রবার রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া পুলিশের মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।