সিপিএন-মাওবাদী সেন্টারের চেয়ারম্যান পুষ্পকমল দহল ওরফে প্রচন্ডকে নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারি। সংসদের বিরোধীদের সঙ্গে জোট গড়ে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে
তৃতীয় বারের মতো নেপালের প্রধানমন্ত্রীর আসনে বসলেন প্রচন্ড।
গতকাল রবিবার দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে পুষ্পকমল দহলকে প্রধানমন্ত্রী নিয়োগের তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়, নেপালের সংবিধানের ৭৬ অনুচ্ছেদের ২ নম্বর ধারা অনুযায়ী পুষ্পকমল দহলকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন প্রেসিডেন্ট।
এর আগে নেপালের প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারি দেশটির প্রতিনিধি পরিষদের সব সদস্যকে ডেকে সরকার গঠনে শনিবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন। সেই সময় তিনি সংবিধানের ৭৬ অনুচ্ছেদের ২ ধারা অনুযায়ী দুই বা ততোধিক দলের সমর্থন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী যে কেউ প্রধানমন্ত্রীর পদের জন্য মনোনয়ন জমা দিতে পারবেন বলে জানিয়ে দেন। রবিবার বিকেল ৫টা পর্যন্ত প্রেসিডেন্টের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগেই ৬৮ বছর বয়সী প্রচ- বিরোধীদের সঙ্গে জোট গড়ে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর মনোনয়নপত্র জমা দেন। দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়েছে, আজ সোমবার বিকেল ৪টায় নবনিযুক্ত প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান হবে।