কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা দাবিতে গত শনিবার জেলা ও মহানগরে বিএনপি এবং জামায়াতে ইসলামীর গণমিছিল কর্মসূচি পালনের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনায় পঞ্চগড়সহ তিন জেলায় সাতটি মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে এসব মামলায় দল দুটির দুই হাজারের বেশি নেতাকর্মীকে আসামি করা হয়েছে। যার মধ্যে ১২ জনকে গ্রেপ্তারও করা হয়েছে।
পঞ্চগড়ে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় সদর থানায় ৫টি মামলা হয়েছে। এরপর গোটা জেলার বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে গ্রেপ্তার আতঙ্ক। বিএনপি অফিসসহ শহরের মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে পঞ্চগড় সদর থানায় ৫জন এসআই বাদী হয়ে এসব মামলা করেন। মামলাগুলোতে ৮১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও দেড় থেকে দুই হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এর আগে পুলিশ শনিবার রাতেই অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের আট নেতাকর্মীকে আটক করে। তাদের মামলাগুলোর আসামি দেখানো হয়েছে। পঞ্চগড়ের পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা এসব তথ্য নিশ্চিত করেছেন।
পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিয়া জানান, সদর থানার এসআই রাশেদুল ইসলাম চৌধুরী, সাইদুল রহমান, ভবেশ চন্দ্র রায়, আলতাব হোসেন ও মাসুদ রানা বাদী হয়ে মামলাগুলো করেছেন।
জেলার পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা বলেন, ‘মামলায় প্রকৃত আসামিদের গ্রেপ্তার করা হবে। কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হবে না।’
গাজীপুরে বিএনপির ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা: গাজীপুরে বিএনপির দলীয় কার্যালয় থেকে গণমিছিলে অংশ নিতে যাওয়া নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের ১৪ জনকে আসামি করে সদর থানায় মামলা করা হয়েছে। গতকাল সকালে সদর মেট্রো থানার এসআই সাইদুর রহমান খান বাদী হয়ে মামলাটি করেন। এই মামলায় ঘটনার দিনই আটক ৮ জনসহ ১৪ জনকে আসামি করা হয়েছে। সদর থানার ওসি মোহাম্মদ জিয়াউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আসামিদের বিরুদ্ধে সরকারি কর্তব্যকাজে বাধা, মারপিট, গুরুতর জখম ও ভাঙচুর করে ক্ষতিসাধন করার অভিযোগ আনা হয়েছে।’ গ্রেপ্তার আসামিদের ৫ দিনের রিমান্ড চেয়ে গতকাল বিকেলে আদালতে পাঠানো হয় বলেও জানান তিনি।
লক্ষ্মীপুরে জামায়াত-শিবিরের ২৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা: নাশকতা ও বিস্ফোরক আইনে লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী এবং শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশানসহ জামায়াত-শিবিরের ২৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গতকাল সকালে সদর থানায় এই মামলা করেন এসআই মো. আল আমিন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হলেও অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে ২৩১ জনকে। এদিকে গতকাল সকালে লক্ষ্মীপুর পৌর শহরে অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর ৪ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ওসি মো. মোসলেহ উদ্দিন।
প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট জেলার প্রতিনিধিরা।