দেশের সেরা করদাতাদের সম্মাননা ও ট্যাক্স কার্ড দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এবার ব্যক্তিপর্যায়ে ৭৬, কোম্পানি পর্যায়ে ৫৩ এবং অন্যান্য ক্ষেত্রে ১২টি ট্যাক্স কার্ড দেওয়া হয়। ২০২১-২২ অর্থবছরের জন্য সেরা করদাতা হিসেবে মোট ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড ও সম্মাননা স্মারক দিয়েছে।
গতকাল বুধবার রাজধানীর অফিসার্স ক্লাবে আনুষ্ঠানিকভাবে সেরা করদাতাদের সম্মাননা ও ট্যাক্স কার্ড তুলে দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। গত রবিবার অর্থ মন্ত্রণালয় এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা গেজেট আকারে প্রকাশ করে। সে অনুসারে সেরা করদাতাদের বুধবার সম্মাননা স্মারক ও ট্যাক্স কার্ড তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, আপনাদের করের টাকা দিয়ে আজকের এই মহাঅর্জন (মেট্রোরেল)। অর্থমন্ত্রী বলেন, আমাদের এগিয়ে যেতে অনেক কাজ করতে হবে। আপনার সম্পদে গরিবের হক আছে, আপনারা যে অর্থ কর হিসেবে দেন তা দিয়ে সরকার উন্নয়ন কাজে বিনিয়োগ করে।
অর্থমন্ত্রী বলেন, গত ১০ বছর রাজস্ব খাতে অনেক উন্নয়ন হয়েছে। ১৪ থেকে ১৫ শতাংশ জিডিপিতে গ্রোথ বাড়ছে রাজস্ব খাত থেকে। ২০৪১ সালে আমাদের প্রত্যাশ্যা পূরণ করতে পারব। ট্যাক্স দেওয়া শুধু দায়িত্ব নয়, ভালো কাজ এটা ভেবে সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করব।
সরকার ঘোষিত ‘জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত)’-এর বিধান অনুযায়ী ২০২১-২২ কর বছরে ব্যক্তি ক্যাটাগরিতে ৭৬টি ও কোম্পানি ক্যাটাগরিতে ৫৩টি ও অন্যান্য ক্যাটাগরিতে ১৪১ জনকে সেরা করদাতাদের সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়।