এলডিসি উত্তরণ

নতুন চ্যালেঞ্জে পড়বে বেসরকারি খাত : এফবিসিসিআই

স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের ফলে আন্তর্জাতিক পরিম-লে বাংলাদেশের ভাবমূর্তি বাড়বে। ব্যবসা-বাণিজ্যে নতুন নতুন পথ উন্মুক্ত হবে, বাড়বে বিদেশি বিনিয়োগও। তবে এসব সম্ভাবনার পাশাপাশি বেশ কিছু চ্যালেঞ্জও অপেক্ষা করছে বেসরকারি খাতের জন্য, যা মোকাবিলায় বেসরকারি খাতকে এখনই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি মো. জসিম উদ্দিন।

গতকাল বুধবার রাজধানীর রাওয়া কনভেনশন হলে এফবিসিসিআইর বার্ষিক সাধারণ সভায় এ আহ্বান জানান মো. জসিম উদ্দিন। করোনার কারণে ২০২০-২১ সেশনের বার্ষিক সাধারণ সভা নির্ধারিত সময়ে আয়োজন করা সম্ভব হয়নি। ফলে বুধবার একই ভেন্যুতে পৃথকভাবে ২০২০-২১ এবং ২০২১-২২ সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় এফবিসিসিআইর সভাপতি বলেন, ‘স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের ফলে অন্যতম রপ্তানি গন্তব্য ইউরোপসহ বেশ কিছু বাজারে বিশেষ বাণিজ্য সুবিধা হারাবে বাংলাদেশ। পণ্যের মূল্য ও মানের দিক থেকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে বেসরকারি খাতকে।’ এ জন্য গবেষণা, উদ্ভাবন এবং পণ্য বৈচিত্র্যকরণে জোর দেওয়ার পক্ষে মত দেন তিনি।

রপ্তানি বাণিজ্য টেকসই করতে সরকারকে ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট (এফটিএ), প্রেফারেন্সিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট (পিটিএ) ছাড়াও দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।