ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন চারজনকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে আগের পর্ষদের তিনজনকে বহাল করা হয়েছে। নিয়মনীতির তোয়াক্কা না করে আমানতকারীদের অর্থে স্বেচ্ছাচারিতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘আগেই প্রতিষ্ঠানটির পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। নতুনভাবে এই চারজনকে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হলো। আর আগের পর্ষদ থেকে ২-৩ জনকে পুনর্বহাল করা হতে পারে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ হয়। তবে এখনো চেয়ারম্যান নির্ধারণ করা হয়নি।’
কেন্দ্রীয় ব্যাংকের সূত্র জানায়, নতুনভাবে যাদের স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তারা হলেন মেজর জেনারেল মো. মাকসুদুর রহমান, মোহাম্মদ মইনুর চৌধুরী, মাহমুদ হোসাইন ও মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী। আর আগের পর্ষদ থেকে পরিচালক তাহমিনা রহমান এবং আগের পর্ষদের স্বতন্ত্র পরিচালক এ এস জহির মুহাম্মদ ও মায়া রানী রায়কে রাখা হয়েছে নতুন পর্ষদে।
উত্তরা ফাইন্যান্সের নিরীক্ষিত আর্থিক বিবরণীর ওপর পরিদর্শন করে আমানতকারীদের অর্থ নিয়ে স্বেচ্ছাচারিতার বিভিন্ন তথ্য পায় বাংলাদেশ ব্যাংক। আমানতের টাকা প্রতিষ্ঠানের হিসাবে জমা না করা, কলমানির টাকা নিয়মবহির্ভূতভাবে পরিচালকের ব্যক্তিগত কাজে খাটানো, অগ্রিম ও প্রি-পেমেন্টের নামে নিয়মবহির্ভূতভাবে অর্থ বের করাসহ অন্তত ৩ হাজার ৪৪০ কোটি টাকার অনিয়ম ধরা পড়ে। প্রতিষ্ঠানটির তখনকার এমডি ও কয়েকজন পরিচালকের বিরুদ্ধে এ অনিয়মের অভিযোগ রয়েছে।
বাংলাদেশ ব্যাংক বিভিন্ন অভিযোগের ভিত্তিতে উত্তরা ফাইন্যান্সের ২০১৯ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণীর ওপর পরিদর্শন করে। ২০২০ সালে দীর্ঘ পরিদর্শন শেষে ২০২১ সালে প্রতিষ্ঠানটিকে দিকনির্দেশনা দেয়। পরে বহিঃনিরীক্ষক প্রতিষ্ঠান রহমান রহমান হকের বিশেষ নিরীক্ষায়ও অনিয়মের সত্যতা পাওয়া যায়। গত ২৩ জুন তৎকালীন এমডি এস এম শামসুল আরেফিনকে অপসারণ করে কেন্দ্রীয় ব্যাংক।
এক সময় দেশের অন্যতম সেরা আর্থিক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ছিল উত্তরা ফাইন্যান্স। প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে মূলত উত্তরা গ্রুপের কর্তৃত্বে। তবে জালিয়াতির তথ্য ফাঁসের পর প্রতিষ্ঠানটির প্রকৃত চিত্র সামনে আসে।