বিদেশি সংবাদমাধ্যম

মেট্রো বাড়াবে শেখ হাসিনার ভাবমূর্তি

চালু হলো দেশের প্রথম মেট্রোরেল। উন্নয়নের অন্যতম আরেকটি মাইলফলকে পৌঁছাল বাংলাদেশ। এটি একদিকে যেমন যানজটে নাকাল ঢাকাবাসীকে দেবে যাতায়াতের স্বস্তি, তেমনি শেখ হাসিনার সরকারকে দেবে স্বস্তি। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের খবরেও বলা হয়েছে, এ প্রকল্প শেখ হাসিনা সরকারের জন্য খুবই প্রয়োজনীয় রাজনৈতিক ভাবমূর্তি বাড়াবে। বিশেষ করে রিজার্ভ কমে যাওয়া, মুদ্রাস্ফীতি এবং জ¦ালানি সংকটের কারণে চাপে থাকা আওয়ামী লীগকে ২০২৪ সালে সাধারণ নির্বাচনের আগে বড় স্বস্তি দেবে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ব্লুমবার্গ ঢাকার মেট্রোরেল উদ্বোধন নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে গতকাল। ‘প্রথম মেট্রোরেল পেল বিশ্বের অন্যতম জনবহুল শহর’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে ব্লুমবার্গ লিখেছে, বাংলাদেশের রাজধানী ঢাকায় এখন প্রথম মেট্রোরেল রয়েছে। বিশ্বের অন্যতম যানজটপূর্ণ শহরটিতে মানুষের যাতায়াত সহজ করাই জাপানি অর্থায়নে পরিচালিত এ প্রকল্পের লক্ষ্য।

সংবাদমাধ্যমটি লিখেছে, এ প্রকল্পটি ঢাকায় বসবাসরত মানুষের যোগাযোগব্যবস্থায় অনেক পরিবর্তন আনবে। সঙ্গে শেখ হাসিনা সরকারের খুবই প্রয়োজনীয় রাজনৈতিক ভাবমূর্তি বাড়াবে। বাংলাদেশে ২০২৪ সালে সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে। বর্তমানে শেখ হাসিনা ও তার দল রিজার্ভ কমে যাওয়া, মুদ্রাস্ফীতি এবং জ¦ালানি সংকটের কারণে চাপে আছে।

বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনের তথ্য উল্লেখ করে ব্লুমবার্গ লিখেছে, ‘৩০৫ বর্গকিলোমিটারের শহর ঢাকায় ১ কোটি ৩০ লাখ মানুষের বসবাস। ১০ বছর আগে ঢাকায় যানবাহনের গতি ছিল ঘণ্টায় ২১ কিলোমিটার। সেখান থেকে তা কমে হয়েছে ৭ কিলোমিটার। কমতে কমতে এটি ৪ কিলোমিটারে নেমে যেতে পারে। যা হাঁটার চেয়েও ধীরগতি।’

‘যানজটে-জর্জরিত রাজধানী ঢাকায় প্রথম মেট্রো লাইন চালু করল বাংলাদেশ’ শিরোনামে এক প্রতিবেদনে ফরাসি বার্তা সংস্থা এএফপি বলছে, বাংলাদেশের রাজধানী ঢাকায় বুধবার প্রথম মেট্রোরেল লাইনের উদ্বোধন করা হয়েছে। স্থবির এ মেট্রোপলিটন শহরে যানজট হ্রাসের জন্য কাজ করছে কর্র্তৃপক্ষ। ঢাকার যানজটের কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি থমকে যাওয়ার কথাও উল্লেখ করেছে এএফপি।

প্রতিবেদনে এএফপি বলছে, বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরগুলোর একটি ঢাকা। শহরের ২ কোটি ২০ লাখ মানুষের প্রতিদিনের যাতায়াতে ক্রমাগত হতাশার কারণ গাড়িতে ঠাসা এর রাস্তা। এএফপির প্রতিবেদন প্রকাশ করে ভারতের প্রভাবশালী দৈনিক টাইমস অব ইন্ডিয়া লিখেছে, বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর ঢাকায় প্রথম মেট্রোরেল চালু করা হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার এ মেট্রোরেল সেবার উদ্বোধন করেছেন।

ব্লুমবার্গের প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের আরেক সংবাদমাধ্যম এনডিটিভি। এ প্রতিবেদনে নতুন চালু করা মেট্রোরেল বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে উল্লেখ করা হয়েছে।

সৌদি আরবের সংবাদমাধ্যম আল-আরাবিয়া বলছে, বিশ্বের অন্যতম যানজটপূর্ণ শহর ঢাকায় প্রথম মেট্রোরেল চালু করা হয়েছে। জাপানের অর্থায়নে বাংলাদেশের রাজধানীর যানজট নিরসনে নির্মিত মেট্রোরেলের একাংশ চালু করা হয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজার ‘যানজট থেকে মুক্তি, ঢাকায় শুরু মেট্রো পরিষেবা, সবুজ পতাকা নেড়ে উদ্বোধন শেখ হাসিনার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ঢাকায় শুরু হয়ে গেল মেট্রোরেল পরিষেবা। সবুজ পতাকা নাড়িয়ে পরিষেবার সূচনা করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বোনকে নিয়ে নিজে টিকিট কেটে চেপে বসলেন ট্রেনেও।

এ ছাড়া বাংলাদেশের প্রথম মেট্রোরেল উদ্বোধনের খবর প্রকাশ করেছে সিঙ্গাপুরের ইংরেজি দৈনিক দ্য স্ট্রেইটস টাইমস, ভারতের বিজনেস স্ট্যান্ডার্ড, পাকিস্তানের উর্দু পয়েন্টসহ বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যম।