লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-র গুলিতে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দোলাপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দোলাপাড়া গ্রামের হাফিজারের ছেলে সাদিক হোসেন ও একই ইউনিনের ফকিরপাড়া গ্রামের সামাদ আলীর ছেলে নাজির হোসেন।
বড়খাতা ইউনিয়নের ৭ নম্বর দোলাপাড়া ওয়ার্ডের ইউপি সদস্য হাফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ১২টার পরে গরু পারাপারের জন্য ওই দুজন সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে। তখন বিএসএফের গুলিতে তাদের মৃত্যু হয়। পরে এলাকাবাসী ও পরিবারের লোকজন মরদেহ নিয়ে আসে।
নিহত সাদিকের চাচাতো ভাই হুমায়ুন কবিরের সাথে কথা হলে তিনি বলেন, নিহত দুজনের লাশ বাড়িতে নিয়ে আসা হয়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রায় সময় বিএসএফ সদস্যরা বাংলাদেশিদের গুলি করে পাখির মতো হত্যা করছে। আর আমরা মুখ বন্ধ করে সহ্য করে আসছি।
তবে, এ বিষয়ে লালমনিরহাট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর দায়িত্বশীল কোনো কর্মকর্তার সাথে কথা বলা সম্ভব হয়নি।