গ্রহের সব ভালোবাসা নিয়ে স্বর্গে রাজা

১০ নম্বর জার্সির এই যে বিশেষত্ব তার একটি গল্প আছে এবং সেটা পেলেকে ঘিরেই। ১৯৫৮ বিশ্বকাপে অনাকাক্সিক্ষতভাবে ১০ নম্বর পেয়ে যান ১৭ বছরের পেলে। ওই জার্সি গায়ে পুরো বিশ্বকাপ মাতিয়ে দেন। এরপর থেকে এই ১০ নম্বরের মহিমা বেড়ে যায়। ফুটবলে ১০ নম্বরের অর্থ দাঁড়ায় বিশেষ দ্যুতি ও সৃজনশীলতা। আর এই শুরুটা হয় সুইডেন বিশ্বকাপে পেলের পারফরম্যান্সের পরই। অথচ পেলে নিজেই বলেছিলেন এই জার্সি তার গায়ে ওঠার কথাই ছিল না। সাধারণ ১০ নম্বর যার জন্য ফুটবলে অসাধারণ হয়ে গেল সেই কিংবদন্তির বিদায়ে কাঁদছে ফুটবলাঙ্গন। সামাজিক যোগাযোগমাধ্যম খুদে স্মরণিকায় ভরিয়ে তুলছেন ফুটবলের বাইরের লোকেরাও। বিশেষ মানুষদের ছাপিয়ে সংবাদমাধ্যম জনতার কাতারেও ছড়িয়ে পড়েছে শোক।

১৯৫৮ সুইডেন বিশ্বকাপে ব্রাজিল ফেডারেশন নম্বরবিহীন জার্সি পাঠিয়ে দেয় ফুটবলারদের জন্য। কিন্তু ১৯৫৪ বিশ্বকাপ থেকেই ফিফার নিয়ম জার্সিতে নম্বর থাকা চাই। তাই নম্বরহীন জার্সি নিয়ে বিপাকে পড়ে ব্রাজিল। ওই সময় ফিফার কোনো এক কর্মকর্তা ত্বরিত ব্রাজিল ফুটবলারদের জার্সি নম্বর ঠিক করে দেন। তাতে পেলের কাছে পড়ে ১০ নম্বরটি। এই ঘটনা অনেক বছর পর প্রকাশ্যে আসে। ওই সময় প্রথম বিশ্বকাপ খেলতে যাওয়া ১৭ বছরের তরুণ পেলে অবাক হয়ে বলেছিলেন, ‘আমি ভাবিনি এই জার্সি আমি পাব। কারণ জানতাম এটা দলে বয়সী বা অভিজ্ঞ কেউ পরে থাকেন। নবাগতরা ১০ নম্বর কখনই পরেন না।’ এ যেন ভবিতব্য। সেবার বিধাতা লিখেই রেখেছিলেন ১০ নম্বর উঠবে পেলের গায়ে। এরপর পেলের নামে ১০ আলোকিত হয়ে উঠবে ফুটবলে।

সেই পেলে বৃহস্পতিবার রাতে ফুটবলের পৃথিবীকে আঁধার করে দিয়ে ৮২ বছর বয়সে চলে গেলেন পরপারে। কোলন ক্যানসারে আক্রান্ত পেলে অনেক দিন ধরেই হাসপাতালে শেষ নিঃশ্বাসের অপেক্ষায় ছিলেন। অবশেষে হারলেন সেই যুদ্ধে। ব্রাজিল কিংবদন্তির বিদায়ে মনে পড়ে ১৯৭৭ সালে মৃত্যু নিয়ে তার করা উক্তি, ‘পৃথিবীতে সবকিছুই একটি খেলা। একটি ক্ষণস্থায়ী জিনিস। আমরা সবাই মৃত। আমরা সবাই একরকম, তাই না?’ ১০ নম্বর জার্সির মতো তার নামের নামকরণটাও চমকপ্রদ। পেলের আসল নাম এডসন আরান্তেস ডু নাসিমেন্তো। তবে ফুটবল মাঠেই কোনো একসময় তার সতীর্থ ‘বেলে’ নামের গোলরক্ষককে ডাকতে গিয়ে ভুলে তাকে পেলে ডেকেছিল কেউ। এরপর থেকেই পেলে নাম ছড়িয়ে পড়ে তার। নিজের নাম নিয়ে মৃত্যুর ব্যাপারে তার আরেকটি উক্তি ছিল এমন, ‘পেলে মরে না। পেলে কখনই মরবে না। পেলে চিরজীবী থেকে যাবে। কিন্তু এডসন একজন সাধারণ মানুষ, যে একদিন মারা যাবে। আর মানুষ তাকে ভুলে যাবে।’

পেলে ভুল বলেছেন। বিশ্ব তার বিদায়ে যেভাবে ফেটে পড়েছে, তাকে ভুলে যাওয়া অসম্ভব। ইতালিয়ান সংবাদমাধ্যম যেমন পেলেকে ইতিহাস, ঈশ্বর বলেছে। পেলের সতীর্থ ৯১ বছর বয়সী মারিও জাগালো আবেগঘন বার্তায় সতীর্থকে মনে রাখার কথাই বললেন, ‘সবকিছুর জন্য ধন্যবাদ পেলে। আমি তোমাকে ভালোবাসি। যে কিনা ১০ নম্বর জার্সিকে সম্মানিত করেছে। যে আমাদের সম্মানিত করেছে, সে চলে গেল। তুমি যেমন হাসিমাখা মুখে বিদায় নিলে আমিও তোমাকে হাসিমাখা মুখে আমার সঙ্গে রাখব। তুমি অবিনশ্বর।’ রোনালদো আরও একটু এগিয়ে লিখেছেন, ‘পেলে একজনই। সে সবসময়ই বিরাজমান। শীর্ষস্থানটা ধরে রেখে সে আজ আমাদের ছেড়ে গেল।’

এ ছাড়া পেলেকে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমারসহ পুরো বিশ্বের সাবেক ও বর্তমান ফুটবলাররা স্মরণ করছেন নিজেদের শব্দে। ক্রীড়াক্ষেত্রের বাইরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘ফুটবলের বাইরে আর কোনো খেলায় বিশ্বকে এক করা যায় না। এই একটি খেলার জন্য খুব কঠিন অবস্থা থেকে পেলের উঠে আসা শোনার মতো গল্প। আজ তার বিদায়ে আমি এবং আমার পরিবার গভীর শোকপ্রকাশ করছি।’ সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা পেলের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘ফুটবলে পেলে অন্যতম সেরা একজন। খেলাই যে বিশ্বের মানুষকে একসুতোয় বাঁধতে পারে তা তিনি বুঝেছিলেন।’

শুধু উঁচু স্তরের নয়। ব্রাজিলে তিন দিনের রাষ্ট্রীয় শোকে সমবেদনা জানিয়ে দেশটির জনগণ পেলেকে স্মরণ করেছেন। বিশ্বের সকল ফুটবলপ্রেমী নিজেদের মতো পেলেকে স্মরণ করছেন। ঠিক যেমন দুই বছর আগে ডিয়াগো ম্যারাডোনার বিদায় স্মরণীয় হয়ে আছে।