দেশের ইতিহাসের সেরা ক্রীড়াবিদ সাকিব

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসানকেই দেশের ইতিহাসের সেরা ক্রীড়াবিদ হিসেবে বাছাই করেছে ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়ালেখকদের প্রাচীন সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। গতকাল সংগঠনটি দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় বিএসপিএ’র ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাধীনতা-উত্তর সেরা দশ ক্রীড়াবিদের তালিকা ঘোষণা করে। ৯ সদস্যের স্বাধীন বিচারক প্যানেল নাম্বারিংয়ের ভিত্তিতে সেরা ১২০ জন ক্রীড়াবিদের মধ্য থেকে ১০ জন মনোনীত করেন। সেখান থেকে সর্বোচ্চ নম্বর পেয়েছেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব। বিএসপিএ সভাপতি সনৎ বাবলার সবাপতিত্বে অনুষ্ঠানে মনোনীত ১০ জনের হাতে পুরস্কার তুলে দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এ সময় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়াসাংবাদিকদের এশিয়ান সংস্থা এআইপিএস এশিয়ার সভাপতি হি ডং জং এবং পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের অন্যতম শীর্ষ কর্মকর্তা ও বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। একই মঞ্চে মহান স্বাধীনতাযুদ্ধের সময় ক্রিকেট ব্যাটে জয় বাংলা লিখে মাঠে নামা রাকিবুল হাসানকে দেওয়া হয় বিশেষ সম্মাননা। এছাড়া ১০ জন জ্যেষ্ঠ ক্রীড়াসাংবাদিককে দেওয়া হয় সম্মাননা। মনোনীত ১০ ক্রীড়াবিদ ও ১০ ক্রীড়াসাংবাদিককে স্মারক ছাড়াও দেওয়া হয়েছে অর্থ পুরস্কার।

সদ্য প্রয়াত ফুটবলের রাজা পেলের প্রতি সম্মান জানাতে নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় বর্ণাঢ্য অনুষ্ঠান। এরপর একে একে পুরস্কৃত করা হয় ক্রীড়াক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের। স্বাধীন ও স্বতন্ত্র বিচারক প্যানেল চুলচেরা বাছাই বিশ্লেষণ প্রক্রিয়া শেষে  চূড়ান্তভাবে নির্বাচিত করেছেন বাংলাদেশের সেরা ১০ ক্রীড়াবিদ। ক্রম অনুসারে মনোনীত শীর্ষ ১০ ক্রীড়াবিদ হলেন গলফার সিদ্দিকুর রহমান (দশম), সাঁতারু মোশাররফ হোসেন খান (নবম) স্প্রিন্টার প্রয়াত শাহ আলম (অষ্টম), শুটার আসিফ হোসেন খান (সপ্তম), ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা (ষষ্ঠ), বক্সার মোশাররফ হোসেন (পঞ্চম), ফুটবলার প্রয়াত মোনেম মুন্না (চতুর্থ), দাবাড়ু নিয়াজ মোর্শেদ (তৃতীয়), ফুটবলার কাজী মোহাম্মদ সালাউদ্দিন (দ্বিতীয়) ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান (প্রথম)।

বিশেষ সম্মাননাপ্রাপ্ত জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক রাকিবুল হাসান তার সম্মাননা উৎসর্গ করেন মহান মুক্তিযুদ্ধে শহীদ ক্র্যাক প্লাটুনের সদস্যদের। এ ছাড়া প্রাপ্ত অর্থ পুরস্কার তিনি গ্রামের সুবিধাবঞ্চিতদের মধ্যে দেওয়ার কথা বলেন। চ্যানেল টোয়েন্টি ফোরের ক্রীড়া সম্পাদক দিলু খন্দকার বলেন, ‘চল্লিশ বছরে ক্যারিয়ারে প্রথম স্বীকৃতি পেলাম। সাংবাদিকরাও যে সম্মানিত হতে পারেন, সেটাই এই মঞ্চে প্রমাণিত হলো।’

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত হয়ে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, ‘৬০ বছর পূর্তিতে আমরা অংশীদার হতে পেরে সম্মানিত হতে পেরেছি। এই সংগঠনের দীর্ঘ চলাটা সৌভাগ্যের। আমরা সৌভাগ্যের সাক্ষী। ক্রীড়াসাংবাদিকদের ভূমিকা সবচেয়ে বেশি। গণমাধ্যম খেলাধুলাকে সবার সামনে তুলে ধরে। খেলার ইতিহাসের নির্মাতা আপনারা। মূল পৃষ্ঠপোষকও আপনারাই। খেলোয়াড়দের আপনারাই তারকা বানান। আন্তর্জাতিক ক্রীড়াও আপনাদের মাধ্যমে জানতে পারি। আপনারা যেহেতু ফুটবল নিয়ে লেখেন, তৃণমূলের ফুটবল উঠে আসে না আপনাদের লেখনীতে। অনেক ক্ষেত্রে বঞ্চিত থাকে, যা আমাদের কষ্ট দেয়। আশা করছি আপনারা তৃণমূলে দৃষ্টি দেবেন। সাধারণ মানুষের ভালোবাসার খেলা ফুটবল। যে ১০ জন সম্মানিত হয়েছেন, তারা স্বমহিমায় সেরা হয়েছেন। এদের মাধ্যমেই এদেশের ক্রীড়াঙ্গন সমৃদ্ধ হয়েছে।’

এআইপিএস এশিয়া সভাপতি হি ডং জং বলেন, ‘৬০ বছর একটা সংগঠনের বয়স। এটা বিশাল একটা ব্যাপার। আমার মনে হয় এশিয়ার অন্যতম প্রাচীন সংগঠন বিএসপিএ এবং অবশ্যই অন্যতম সেরা সদস্য। তারা ওয়েলফেয়ারে যেভাবে ক্রীড়াসাংবাদিকদের জন্য কাজ করছে, তা হতে পারে অনুকরণীয়। আমি সত্যিই অভিভূত এরকম আয়োজনের অংশ হতে পেরে। সব পুরস্কারপ্রাপ্তকে জানাই অভিনন্দন।’ প্রধান অতিথি ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছি বিএসপিএকে। তারা শুধু উদযাপন করছে না। তারা তাদের জ্যেষ্ঠ ক্রীড়াসাংবাদিক ও ক্রীড়ালেখকদের সম্মানিত করছে। একই সঙ্গে আমাদের ক্রীড়াবিদদেরও সম্মান জানাচ্ছেÑ যা আপনাদের এই উদযাপন নতুনমাত্রা পেয়েছে। আমি আগেও আপনাদের নানা অনুষ্ঠানে এসে মুগ্ধ হয়েছি। আপনারা সবসময় আমাকে পাশে পাবেন।’