নওগাঁয় গভীর নলকূপের ঘরে যুবকের মরদেহ

নওগাঁর পত্নীতলা উপজেলায় গভীর নলকূপের (ডিপ টিউবওয়েল) ঘর থেকে সুমন কুমার দাস (৩১) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নজিপুর ইউনিয়নের রামজীবনপুর এলাকার একটি ফসলের মাঠের গভীর নলকূপের ঘর থেকে মরদেহটি উদ্ধার করে থানা-পুলিশ।

নিহত সুমন কুমার দাস উপজেলার পলিপাড়া গ্রামের কালিপদ দাসের ছেলে।

পত্নীতলা থানার ওসি পলাশ চন্দ্র দেব জানান, শনিবার রাত ৮টার পর আত্মীয় এক ব্যক্তি রামজীবনপুর মাঠের গভীর নলকূপের ঘরে ঢুকে সুমনের মরদেহ পড়ে থাকতে দেখেন।

পরে পুলিশকে সংবাদ দিলে রাত সড়ে ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের আঙুলে পুড়ে যাওয়ার দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন তিনি।

রবিবার মরদেহটি নওগাঁ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।