সব জল্পনার যেন ইতি টেনে দিলেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি। ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন তিনি।
রবিবার বিকেলে রাজকে নিজের ‘প্রাক্তন’ উল্লেখ করে পরীমনি ফেসবুকে লিখেছেন, ‘রাজ এখন শুধু আমার প্রাক্তনই না, আমার ছেলের বাবাও। তাই রাজ্যের বাবার সম্মান রাখতে পাবলিকলি আর বাকি কিছু বলছি না আমি।’
গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত গুণিন সিনেমার শুটিংয়ে প্রেম ও প্রণয় পরী-রাজ জুটির। গত বছর ১০ আগস্ট পরীর ঘরে জন্ম নেয় পুত্র সন্তান। বাবার নামের সঙ্গে মিলিয়ে পরী সন্তানের নাম রাখেন ‘শাহীম মুহাম্মদ রাজ্য।’
তবে বেশ কিছু দিন ধরেই পরীমনি ও রাজের সম্পর্কে টানাপোড়েন চলছিল। কিছুদিন আগে এ চিত্রনায়িকাই ফেসবুক পোস্টের মাধ্যমে তা সামনে এনেছিলেন। বছরের শেষ দিন আরও এক পোস্টে তো বিচ্ছেদের ইঙ্গিতই দিয়ে দেন পরী।
এরপর থেকে চলছিল নানা জল্পনা। রবিবার এক ফেসবুক পোস্টে সংবাদ সম্মেলনের ঘোষণাও দিয়েছিলেন পরী। তবে শেষ পর্যন্ত আর সংবাদ সম্মেলন না করে ফেসবুক পোস্টের মাধ্যমেই নিশ্চিত করলেন বিচ্ছেদের বিষয়টি।
পরী লিখেছেন ছেলে রাজ্যর মঙ্গলের জন্যই এ সিদ্ধান্ত তার, ‘একটা অসুস্থ সম্পর্ক এত কাছে থেকে দেখে দেখে ও (রাজ্য) বড় হতে পারে না। তাই আমি, রাজ্য এবং রাজের মঙ্গল এর জন্যেই আলাদা হয়ে গেলাম।’
পরীমনি তার দীর্ঘ স্ট্যাটাসের শেষে লিখেছেন, ‘রাজ্য তার বাবা মাকে একসাথে নিয়ে বড় হতে পারলো না এর থেকে কষ্টের আর কি হতে পারে আমার কাছে…।’
একাধিক প্রেম ও বিয়ের সম্পর্কে জড়ানো পরীমনি যখন নতুন করে শরীফুল রাজকে বিয়ের ঘোষণা দেন, তখন একটা অংশ খুব খুশি হলেও আরেকটা অংশ তাদের সম্পর্ক টিকে থাকার ব্যাপারে সংশয়ে ছিলেন।
পরীমনি লিখেন, ‘একটা সম্পর্কে পুরোপুরি সিরিয়াস বা খুব করে না চাইলে একটা মেয়ে বাচ্চা নেওয়ার মতো এত বড় সিদ্ধান্ত নিতে পারে না কখনোই। আমার জীবনের সবটুকু চেষ্টা যখন এই সম্পর্কটাকে ঠিকঠাক টিকিয়ে রাখা তখনই আমাকে পেয়ে বসা হলো। যেন, শত কোটি বার যা ইচ্ছে তাই করলেও সব শেষে ওই যে আমি মানিয়ে নেই এটা রীতিমতো দারুণ এক সাংসারিক সূত্র হয়ে দাঁড়াল।’
‘আমি জোর দিয়ে বলতে পারি আমাদের এই সম্পর্ক এত দিন আমার অ্যাফোর্টে টিকে ছিলো শুধু। কিন্তু বারবার গায়ে হাত তোলা পর্যায়ে পৌঁছালে কোন সম্পর্কই আর সম্পর্ক থাকে না। স্রেফ বিষ্ঠা হয়ে যায়।’
রাজ ও রাজের পরিবারকে উদ্দেশ্য করে পরী লিখেন, ‘আমার উপর তার আর তার পরিবারের কোন অসুস্থ আচরণ বা হার্মফুল কিছু করার চেষ্টা করলে আমি কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হব।’