নড়াইলে নৌকাডুবি আরও দুজনের মৃতদেহ উদ্ধার

নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীর বাহিরডাঙ্গা-তেলিডাঙ্গা খেয়াঘাটে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ আরও দুজনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গতকাল রবিবার দুপুরে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়। এ নিয়ে মোট চারজনের মৃতদেহ উদ্ধার করা হলো। গতকাল এ প্রতিবেদন লেখা পর্যন্ত আরও দুজন নিখোঁজ রয়েছেন।

কালিয়া থানার ওসি শেখ তাসমিম আলম জানান, নৌকাডুবিতে নিখোঁজ হওয়া হামিদপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের  গ্রাম-পুলিশ সদস্য লাবু এবং জোকারচর গ্রামের খানজে শেখের মৃতদেহ রবিবার দুপুরে উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এখনো নিখোঁজ রয়েছেন বাহিরডাঙ্গা গ্রামের রয়েল মন্ডল ও কালিয়া গ্রামের মাহমুদ শেখ।

গত শুক্রবার রাত ৮টার দিকে কালিয়া উপজেলার নবগঙ্গা নদীর বাহিরডাঙ্গা-তেলিডাঙ্গা খেয়াঘাটে ইঞ্জিনচালিত নৌকা (ট্রলার) ডুবির ঘটনা ঘটে। এসময় অন্তত ৯ জন সাঁতার কেটে ডাঙ্গায় উঠতে সক্ষম হলেও ছয়জন ডুবে যায়। ঘটনার দিন রাতেই নাজমা বেগম ও তার ৪ বছরের ছেলে নাছিমের মরদেহ উদ্ধার করা হয়।