শেরপুরের শ্রীবরদীর ভারেরা ছমিরদ্দিন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বই বিতরণ উৎসবে সন্ত্রাসী হামলা এবং ফেসবুকে মিথ্যা তথ্য দিয়ে স্কুলের সম্মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ জানুয়ারি) দুপুরে স্কুলের সভাকক্ষে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে লিখিত বক্তব্য দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুন্নাহার। তিনি বলেন, স্থানীয় রুবেল মিয়া নামে এক লোক বিদ্যালয়ে এসে লাঠিসোঁটা নিয়ে সন্ত্রাসী হামলা চালায়। তিনি স্কুল ম্যানেজিং কমিটির সদস্য। এ সময় শিক্ষকদের সাথে অসদাচারণ ও অশ্লীল ভাষায় গালাগালি করেন এতে স্কুলের শিক্ষক কর্মচারীবৃন্দ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন।
কামরুন্নাহার বলেন, 'আমরা মানহানি, শারিরিক নির্যাতনের শিকার হই। এমনকি অনৈতিক সুবিধা না পেয়ে বিদ্যালয়ে ভর্তি হয়নি এমন কয়েকজন ছাত্রছাত্রীকে দিয়ে মিথ্যা অভিযোগ তুলে ভিডিও বানিয়ে ফেসবুকে দেওয়া হয়েছে। এতে স্কুলের সুনাম ক্ষুণ্ণ হয়েছে।
তিনি আরও বলেন, ৬ষ্ঠ শ্রেণির নতুন শিক্ষার্থীদের ভর্তির জন্য ভর্তি ফি ১০০ টাকা এবং সেশন চার্জ ৫০০ টাকাসহ মোট ৬০০ টাকা আদায় করা হয়েছে। বইয়ের জন্য কোন অর্থ নেওয়া হয়নি।
এছাড়াও স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম সম্মেলনে বক্তব্য দেন। শিক্ষক-কর্মচারী-ছাত্রছাত্রীসহ সবাই সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং সন্ত্রাসী রুবেলের বিচার দাবি করেন।
তবে, অভিযুক্ত রুবেল মিয়ার সাথে ফোনে যোগাযোগ করে এবং বাড়িতে গিয়েও পাওয়া যায়নি।