তুলনায় আপত্তি আরিফিন শুভর

বিশ্ব এখন গ্লোবাল ভিলেজ। প্রযুক্তির কল্যাণে হাতের মুঠোয় পুরো পৃথিবী। বিশেষ ঘটনা দুনিয়া ঘুরতে সময় নেয় না কয়েক মুহূর্ত। একই কথা প্রযোজ্য বিনোদন দুনিয়ার ক্ষেত্রেও। একটা সময় দেশে বিনোদনের মাধ্যম ছিল খুবই সীমিত। স্টেজে নাটক, গান, নাচ বা ঐতিহ্যবাহী খেলাধুলা, রীতি রেওয়াজ ছাড়া বিনোদনের মাধ্যম ছিল বিটিভি, বাংলাদেশ বেতার আর সিনেমার পর্দা। তাই বিদেশের তারকাদের সিনেমা, তাদের ব্যক্তিজীবন, বিশ্বচলচ্চিত্র, গান, নাটক থেকে যেত এ দেশের মানুষের নাগালের বাইরে। কিন্তু এখন যে কেউ চাইলেই মুঠোফোনে ইন্টারনেটের মাধ্যমে সব ধরনের কাজ দেখতে পারেন। ফলে বাংলাদেশি চলচ্চিত্র, গান, নাটকের সঙ্গে বিদেশের তুলনা অত্যন্ত স্বাভাবিক। অনেক দর্শক দেশের ছবির সঙ্গে ভিনদেশি বড় বাজেটের ছবির তুলনাও করেন। কেউ কেউ বলেন, ‘পুষ্পা’ ও ‘কেজিএফ’-এর মতো ছবি হলে ভালো হতো। কেন হয় না আমাদের দেশে এমন ছবি ইত্যাদি নানা প্রশ্ন। ফেইসবুকেও এসব চর্চিত হয়। এসব প্রশ্নের কারণ, দর্শক যখন অতি সহজেই আন্তর্জাতিক মানের কাজ দেখার সুযোগ পাচ্ছেন, সেখানে দেশের অনেক মানহীন কাজ তারা কেন দেখবেন? একটা কারণ হতে পারে দেশের শিল্পের প্রতি দায়িত্ববোধ। তবে সেই দায়িত্ব কাউকে জোর করে চাপিয়ে দেওয়ার অধিকারও কারও নেই। সেই কাজটিই যেন করতে গেলেন ঢালিউডের চিত্রনায়ক আরিফিন শুভ। তার নতুন ছবি ‘ব্ল্যাক ওয়ার’-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এই প্রসঙ্গ টেনে আনলেন শুভ। ‘ব্ল্যাক ওয়ার’ ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে আরিফিন শুভ বলেছেন, ‘আমাদের অনেক সীমাবদ্ধতার মধ্যে থেকে কাজ করতে হয়। তাই আমাদের ছবির সঙ্গে কেজিএফ বা পুষ্পার তুলনা করবেন না।’

২০২৩-এর প্রথম চলচ্চিত্র হিসেবে ৬ জানুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল সানি সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত ‘ব্ল্যাক ওয়ার’। শেষ মুহূর্তে জানা যায়, ১৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে ছবিটি। এরই মধ্যে সেন্সর ছাড়পত্রের জন্য জমা পড়েছে। মুক্তির আগে গত রবিবার ঢাকার বনানীতে ছবিটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠান হয়। যেখানে আরিফিন শুভ বলেন, ‘আমরা ছোট ক্রেন ব্যবহার করে অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করি। কিন্তু পার্শ্ববর্তী দেশে ৩-৪ তলার সমান বিশাল ক্রেনের ওপর ফ্রেম করে শ্যুটিং করা হয়। সুতরাং আমাদের অনেক সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হয়। তাই আমাদের ছবির সঙ্গে ‘কেজিএফ’ বা ‘পুষ্পা’র তুলনা করবেন না। ব্যক্তিগত স্বার্থে বাজার কাটতির জন্য আমাদের এমন কিছু করা উচিত না, যাতে ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হয়। ইন্ডাস্ট্রি এগিয়ে নিতে হলে আমাদের শাকিব খান, শরীফুল রাজ, সিয়াম, শুভ সবাইকে লাগবে।’

গত বছর আরিফিন শুভর কোনো ছবি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। ২০২১ সালের শেষ দিকে ‘ব্ল্যাক ওয়ার’ ছবির প্রথম কিস্তি ‘মিশন এক্সট্রিম’ মুক্তি পায়। ওই ছবিরও প্রধান চরিত্রে অভিনয় করেন তিনি। ‘ব্ল্যাক ওয়ার’ ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে শুভ বলেন, ‘চলচ্চিত্র এগিয়ে নিতে আমরা সংগ্রাম করি। একটা সময় আমাদের চলচ্চিত্রে নায়করাজ রাজ্জাক, সোহেল রানা, উজ্জ্বল, ফারুক, ওয়াসিম, আলমগীর, ইলিয়াস কাঞ্চন সাহেবরা কিন্তু কাজ করেছেন। বাঘা বাঘা অভিনেতারা ছিলেন। এখন আমরা যারাই আছি, আসুন সবাই মিলে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করি। মুক্তিযুদ্ধের সময় আমাদের পর্যাপ্ত অস্ত্র ছিল না, দা-কুড়াল ঝাড়ু যা ছিল তা দিয়েই সম্মিলিত প্রচেষ্টায় আমরা স্বাধীন হয়েছিলাম। এখন আমাদের যা আছে আসুন সবাই চেষ্টা করি ইন্ডাস্ট্রিটাকে বাঁচানোর।’ চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে সবার সহযোগিতা করার আহ্বান জানিয়ে শুভ বলেন, ‘এ ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরির ছবি নির্মাণ করতে গিয়েও অনেক কষ্ট করতে হয়। তাই দর্শকদের সিনেমা নির্মাণকাজকে সাপোর্ট করা উচিত। প্রযোজক, পরিচালক, ক্যামেরাম্যান বাঁচলে অনেকগুলো ভালো ছবি হওয়ার সম্ভাবনা থাকে।’

পুলিশি অভিযান নিয়ে তৈরি অ্যাকশন থ্রিলারধর্মী ‘ব্ল্যাক ওয়ার’ ছবিটি প্রযোজনা করছে কপ ক্রিয়েশন। এই অনুষ্ঠানে আরিফিন শুভ ছাড়াও উপস্থিত ছিলেন অভিনেতা সুমিত, সাদিয়া নাবিলা, মাজনুন মিজান প্রমুখ।