আল-আকসার ইমামকে ইসরায়েলি গোয়েন্দাদের জেরা

আল-আকসা মসজিদের ইমাম শেখ একরিমা সাবরিকে বাড়ি থেকে তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে ইসরায়েলের গোয়েন্দারা। গত সোমবার এই তথ্য জানায় তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।

সাবরির পরিবারের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে আনাদোলুকে বলেন, ‘পূর্ব জেরুজালেমের আল-সুহানেহতে অবস্থিত ইমামের বাড়িতে হানা দেয় ইসরায়েলি সেনারা। তাকে কোনো কারণ না দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়।’

তবে আল-আকসার ইমামকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার ব্যাপারে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। ইমাম শেখ একরিমা সাবরি ইসরায়েলের একজন কট্টর সমালোচক। অবৈধ ইসরায়েলি দখলদারদের সমালোচনা করে প্রায়ই বিভিন্ন বক্তব্য দেন তিনি। এ কারণে আগেও একাধিকবার আটক ও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন তিনি। ইমাম সাবরি এর আগে ১৯৯৪ সাল থেকে শুরু করে ২০০৬ সাল পর্যন্ত জেরুজালেম এবং ফিলিস্তিনি অঞ্চলগুলোর মুফতির দায়িত্ব পালন করেন।