বিএনপি সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, “বিএনপির পক্ষ থেকে ‘রাষ্ট্রীয় কাঠামো মেরামতে’ যে ২৭ দফা রূপরেখা ঘোষণা করা হয়েছে তাতে বলা হয়েছে ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’। এ নীতির মধ্যে প্রত্যেকে ধর্মাবলম্বী তার নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবেন। এ কথা বলতে পারি, ২৭ দফা সব ধর্মের মানুষের স্বার্থ রক্ষা করবে।”
গতকল বৃহস্পতিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে খন্দকার মোশাররফ এসব কথা বলেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগকে উদ্দেশ্য করে খন্দকার মোশাররফ বলেন, ‘দেশে ধনী ও গরিবের মধ্যে বিরাট বৈষম্য সৃষ্টি হয়েছে। দেশের ব্যাংকগুলোতে ডাকাতি হয়েছে। সব গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে সরকার। এসব কিছু আপনারা ভালো করেই জানেন। যারা এসব কাজ করেছে তারা কখনই এসব মেরামত করতে পারবে না। এ চিন্তা-চেতনা থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্রীয় কাঠামো মেরামতের জন্য ২৭ দফা ঘোষণা করেছেন।’
বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ এ সদস্য বলেন, ‘এ সরকারকে না হটাতে পারলে যত অনাচার-অত্যাচার, অন্যায় রয়েছে তা আমরা দূর করতে পারব না। গণতন্ত্র না থাকলে কোনো প্রতিষ্ঠানেই ঠিকমতো চলতে পারে না। সেটাই আওয়ামী লীগ প্রমাণ করেছে গণতন্ত্রকে হত্যা করে। স্বাধীনতার পরেও করেছে বাকশাল করে, এখন আবার করেছে।’ বাংলাদেশকে উদ্ধার করতে হবে, এমন মন্তব্য করেন খন্দকার মোশাররফ।
স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, খালেদা জিয়াকে মুক্তি করার জন্য এবং আমাদের নেতা তারেক রহমানকে ফিরিয়ে আনার জন্য আমরা যেই আন্দোলন শুরু করেছি, এ লড়াইয়ে বিজয়ের কোনো বিকল্প নেই।’
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “বিএনপি সংখ্যালঘু শব্দ কখনই ব্যবহার করে না। দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই সমান। সেই পার্থক্য ঘুচিয়ে দিতেই ‘রেইনবো নেশন’ গঠন করতে চায় বিএনপি।”
অনুষ্ঠানের লন্ডন থেকে স্কাইপেতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন। বাইবেল পাঠের পর প্রধান অতিথির উপস্থিতিতে খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের নিয়ে বড়দিনের কেক কাটেন বিএনপির নেতারা। তারেক রহমান পরে খ্রিস্টান সম্প্রদায়কে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন।
বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যালবার্ট পি কস্টার সভাপতিত্বে এবং সুব্রত চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন গয়েশ^র চন্দ্র রায়, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু প্রমুখ।