দেশে সব বন্দরে সতর্কতা বৃদ্ধি : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চীনের নতুন ভ্যারিয়েন্টের কথা শোনার পর থেকে এ দেশের সমুদ্র, বিমান, স্থলবন্দরসহ সব বন্দরে একটা সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে চীন থেকে যারা আসবে, তাদের পরীক্ষা করা হবে। কেউ সন্দেহজনক কোনো যাত্রী হলে তার টেস্ট তাৎক্ষণিকভাবে করতে বলা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড কারখানার নতুন ভবন উদ্বোধন ও কর্মকর্তা শ্রমিক-কর্মচারীদের পুনর্মিলন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের দেশের লোক তো প্রায় ৯৮ ভাগ ভ্যাকসিন গ্রহণ করেছে। কেউ তিন ডোজ আবার কেউ কেউ চার ডোজ নিয়েছে। কাজেই আমরা বলতে পারি যে তারা সুরক্ষিত। যে ভ্যারিয়েন্ট আছে, আমরা যদি নিয়ন্ত্রণে রাখতে পারি, তাহলে সেরকম চিন্তার কোনো কারণ নেই।

স্বাস্থ্যমন্ত্রী অবৈধ ডায়াগনস্টিক ও ক্লিনিকের বিষয়ে বলেন, আমরা চাই মানুষকে সঠিক চিকিৎসা দিতে। এদেশের চিকিৎসাব্যবস্থা অনেক উন্নত হয়েছে। উপজেলা, জেলা হাসপাতাল, ৩৭টি মেডিকেল কলেজ হয়েছে, ইনস্টিটিউটসহ নতুন নতুন হাসপাতাল হয়েছে। সরকারিভাবে আমরা যথেষ্ট চেষ্টা করছি। এ ছাড়াও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর ওপর আমরা নজর রাখছি।