শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’-এর গান ‘বেশরম রং’ মুক্তির পর তুমুল বিতর্ক শুরু হয়। কেউ কেউ গানটির দৃশ্যায়নে অশ্লীলতার অভিযোগ তোলে। একটি পক্ষ আবার গানটির দৃশ্যে দীপিকা গেরুয়া রঙের বিকিনি পরায় ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ারও অভিযোগ তোলেন। সব মিলিয়ে ছবিটি আদৌ সেন্সরে ছাড়পত্র পাবে কি না, তা নিয়ে তৈরি হয় সংশয়। সত্যি সত্যি প্রথম দফায় ছবিটি আটকে দেয় ভারতীয় সেন্সর বোর্ড। পরে অবশ্য ছাড়পত্র দেয়। তবে সেন্সর পেলেও ‘পাঠান’-এর ১০টি দৃশ্যে কাঁচি চালানোর নির্দেশ দিয়েছে বোর্ড। সেন্সর বোর্ডের নির্দেশনা অনুযায়ী, গানটিতে দীপিকার নিতম্বের ক্লোজআপ শট ও পাশ থেকে নেওয়া শট বাদ দিতে হবে, এ ছাড়া গানের কয়েকটি শব্দ ছেঁটে ফেলারও নির্দেশনা এসেছে। তবে যে গেরুয়া রঙের বিকিনি নিয়ে এত কান্ড, সেটি গানটিতে থাকবে কি না, জানা যায়নি। সেন্সর পাওয়ার পর প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস জানিয়েছে, ১০ জানুয়ারি ‘পাঠান’-এর ট্রেলার মুক্তি দেওয়া হবে। ছবিটি পূর্বনির্ধারিত সময়ে অর্থাৎ ২৫ জানুয়ারি মুক্তি পাবে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি হিন্দি ছাড়া তামিল, তেলেগুসহ ভারতের বেশ কয়েকটি ভাষায়ও মুক্তি দেওয়া হবে। শাহরুখ খান আর দীপিকা পাড়ুকোন ছাড়া সিনেমাটির খল চরিত্রে দেখা যাবে জন আব্রাহামকে।
তবে পোশাক নিয়ে এই প্রথম নয়, আগেও নানা সময়ে দীপিকাকে নিয়ে বিতর্ক হয়েছে। ভক্তরা সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন, বারবার দীপিকার পোশাক নিয়েই কেন বিতর্ক? এর পেছনে কি বড় কোনো কারণ আছে? ২০২২ সালে ‘গেহরাইয়াঁ’ ছবির মধ্য দিয়ে ওটিটিতে অভিষেক হয়েছিল দীপিকার। ছবি মুক্তির পর নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েন তিনি। সম্পর্কের জটিলতা নিয়ে নির্মিত সিনেমায় খোলামেলা অবতারে দেখা যায় অভিনেত্রীকে, বেশ কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্যেও অভিনয় করেন। তখন এক সাক্ষাৎকারে তিনি বলেন, দেখতে সহজ মনে হলেও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় আসলে সহজ নয়। দীপিকা অভিনীত ‘পদ্মাবত’ মুক্তির আগেই বিতর্কের মুখে পড়ে। ছবি নিয়ে ইতিহাস বিকৃতির অভিযোগ করেন করণী সেনারা। ছবির ‘ঘুমর’ গানে দীপিকার পোশাক নিয়েও আপত্তি করেন তারা। এমনকি দীপিকার নাক কেটে নেওয়ারও হুমকি দেওয়া হয়। ‘ছপাক’ ছবি মুক্তি সামনে রেখে দীপিকা উপস্থিত হয়েছিলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে। শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ করেছিলেন তিনি। কিন্তু অনেকে এটিকে তার ছবির ‘প্রচারণার কৌশল’ আখ্যা দিয়ে সমালোচনা করেন। ‘রাম লীলা’ ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছিলেন বাস্তব জীবনের জুটি দীপিকা ও রণবীর। নাম নিয়ে এই ছবি বিতর্কের মুখে পড়েছিল। পরে সব বিতর্ক ছাপিয়ে বক্স অফিসে সাড়া ফেলে ছবিটি।
গত ৫ জানুয়ারি ছিল দীপিকার ৩৭তম জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে শাহরুখ খান ‘পাঠান’ সিনেমার দীপিকার নতুন পোস্টার শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন, ‘সব সময় তোমাকে নিয়ে গর্বিত আমি, তুমি নতুন উচ্চতায় পৌঁছে যাও, এই প্রত্যাশা করি। শুভ জন্মদিন। অনেক ভালোবাসা রইল।’