তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল না হলে আওয়ামী লীগের এই পাতানো নির্বাচনে বিএনপিসহ কোনো দলই অংশ নেবে না। তাই নির্বাচনের আগেই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রণয়ন করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া দেশে কোনো পাতানো নির্বাচন হবে না। সেই সঙ্গে বিএনপির ১০ দফা দাবিসহ রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা বাস্তবায়নে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
গতকাল শুক্রবার বিকেল ৫টায় বরগুনা টাউন হল মিলনায়তনে বিএনপির ১০ দফা দাবি এবং রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা নিয়ে আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের পালানোর সময় হয়ে এসেছে। খুব শিগগির তাদের এ দেশ ছেড়ে পালাতে হবে। বাংলাদেশের জনগণ তাদের এ দেশ থেকে বিতাড়িত করবে।
বরগুনা জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, সহ শ্রমবিষয়ক সম্পাদক ফিরোজ-উজ-জামান মামুন মোল্লা।
জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুল আলম ফারুক মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম মোল্লাসহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা পর্যায়ের নেতারা।