আমেরিকার সঙ্গে খুবই ভালো সম্পর্ক রয়েছে : মোমেন

বাংলাদেশের সঙ্গে আমেরিকার খুবই ভালো সম্পর্ক রয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ‘আমেরিকার সঙ্গে আমাদের নীতিগত মিল রয়েছে। আমেরিকা গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে চায় আর আমাদের দেশে গণতন্ত্র বিরাজমান। তারা মানবাধিকার প্রতিষ্ঠা করতে চায় আর আমাদের দেশের ৩০ লাখ মানুষ জীবন দিয়েছে শুধু মানবাধিকার অর্জনের জন্য।’

গতকাল শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমেরিকা আমাদের রপ্তানি পণ্যের অন্যতম ক্রেতা এবং অন্যতম বড় বিনিয়োগকারী দেশ। র‌্যাব বা নির্দিষ্ট একটা ইস্যু নিয়ে একটা দেশের সঙ্গে সম্পর্কের মূল্যায়ন হয় না। আমাদের সঙ্গে তাদের নানা ধরনের বিষয় জড়িত।’

তিনি আরও বলেন, ‘আমেরিকার মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশে আসার কথা রয়েছে। আমরা তার সফরকে স্বাগত জানাই। তিনি এলে নানাবিধ বিষয় নিয়ে আলাপ হবে। আশা করি তার সফরের মধ্য দিয়ে আমাদের সঙ্গে সুসম্পর্ক আরও উন্নতি হবে।’

মিয়ানমার ইস্যুতে ড. মোমেন বলেন, ‘আমরা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চাই। আমাদের পররাষ্ট্রনীতির অন্যতম একটা বৈশিষ্ট্য হলো সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সব সমস্যার সমাধান আমরা শান্তিপূর্ণভাবে চাই। ইতিমধ্যেই পানি চুক্তি, সীমান্ত চুক্তি অথবা সমুদ্রসীমা নির্ধারণ সব সমস্যার সমাধান আমরা শান্তিপূর্ণভাবে করেছি।’

তিনি আরও বলেন, ‘পহেলা জানুয়ারি আমরা আমাদের ৮২টি বিদেশি মিশনপ্রধানের সঙ্গে বসেছি। তারা কী চায় আমরা জানতে চেয়েছি এবং তারা কীভাবে আমাদের সহযোগিতা করতে পারে তাও জানতে চেয়েছি। প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের ধারণা দিয়েছেন। স্মার্ট বাংলাদেশের মাধ্যমে আমরা চাই সম্পদের দক্ষ ব্যবহার করে সর্বোচ্চ উৎপাদন এবং সন্তোষজনক সেবা নিশ্চিত করতে।’