দেশের বাজারে সোনার দাম আবার বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বাড়ায় বাজুস গতকাল শনিবার নতুন দাম নির্ধারণ করেছে। এতে দেশের এক ভরি সোনার দাম ৯০ হাজার টাকা ছাড়িয়েছে। ৯ দিন পর দাম বাড়ানো হলো। এর আগে গত ২৯ ডিসেম্বর সোনার দাম বাড়ানো হয়েছিল।
সব থেকে ভালো মানের সোনার দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছে ৯০ হাজার ৭৪৬ টাকা। আজ রবিবার থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাজুস।
গত ২৯ ডিসেম্বর ভরি প্রতি সোনার দাম বাড়ানো হয়েছিল ১ হাজার ১৬৬ টাকা, যা কার্যকর হয় পরদিন। নতুন করে ২ হাজার ৩৩৩ টাকা যোগ হওয়ায় ভরিতে বাড়ল ৩ হাজার ৪৯৯ টাকা।
এর আগে গত ৩০ এবং ১৮ ও ১৩ নভেম্বর দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়। ফলে দুই মাসের কম সময়ের মধ্যে দেশের বাজারে পাঁচ দফা দাম বাড়ল। এতে দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চে পৌঁছে গেছে এ ধাতুটির দাম। এর আগে কখনো দেশের বাজারে সোনার ভরি ৯০ হাজার টাকা স্পর্শ করেনি।
গত বছরের ৩০ ডিসেম্বর সব থেকে ভালো মানের সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়ানো হয়। এতে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়ায় ৮৮ হাজার ৪১৩ টাকা। দেশের বাজারে এত দিন এটিই সোনার সর্বোচ্চ দাম ছিল।
নতুন বছর ২০২৩ সালের প্রথম সপ্তাহেই সেই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছাল সোনার দাম। ভালো মানের পাশাপাশি বাড়ানো হয়েছে সব ধরনের সোনার দাম। মান অনুযায়ী প্রতি ভরি সোনার দাম বাড়ানো হয়েছে ১ হাজার ৫৭৫ থেকে ২ হাজার ৩৩৩ টাকা পর্যন্ত।
সোনার পাশাপাশি দাম বাড়ানো হয়েছে রুপারও। মান অনুযায়ী ভরিতে রুপার দাম বাড়ানো হয়েছে ১১৭ থেকে ১৯৯ টাকা পর্যন্ত।
বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটি গতকাল বৈঠক করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরে মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ-সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ সই করা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দাম বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয়।
নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে ৯০ হাজার ৭৪৬ টাকা করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ৮৬ হাজার ৬০৫ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৯২৪ টাকা বাড়িয়ে ৭৪ হাজার ২৪১ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ৬১ হাজার ৮৭৮ টাকা করা হয়েছে।
এ ছাড়া ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৯৯ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৭১৫ টাকা করা হয়েছে। ২১ ক্যারেটের রুপার দাম ১৯৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১১৭ টাকা বাড়িয়ে ভরি ১ হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।